জাপোরিঝঝিয়া পরমাণু কেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের দখলকৃত দক্ষিণ-পূর্বাঞ্চলে জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে ড্রোন হামলায় একজন পরমাণু বিশেষজ্ঞ নিহত এবং ১৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে রাশিয়া।
মঙ্গলবার রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়, ড্রোনটি ইউক্রেন থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। ইউরোপের সবচেয়ে বড় এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা নিয়ে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণাঙ্গ ইউক্রেন অভিযান শুরুর পর থেকেই আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ রয়েছে।
রাশিয়ার নিয়ন্ত্রণাধীন পারমাণবিক কেন্দ্রটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ টেলিগ্রামে জানায়, আহতদের বেশির ভাগই কেন্দ্রটির কর্মী। তাদের দাবি, হামলাটি কেন্দ্রটির ইতিহাসের অন্যতম গুরুতর ঘটনা।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এর আগে জানায়, হামলায় একটি বাসস্টপে থাকা কেন্দ্রের কর্মীরা আক্রান্ত হয়েছেন। তবে এতে পারমাণবিক নিরাপত্তা বা সুরক্ষা ব্যবস্থায় কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে জাতিসংঘের এই পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা।
আইএইএ সামরিক কমান্ডারসহ যারা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বা সেখানকার কর্মীদের লক্ষ্য করে হামলা চালাচ্ছেন, তাদের অবিলম্বে এ ধরনের ‘অগ্রহণযোগ্য কর্মকাণ্ড’ বন্ধ করার আহ্বান জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, এ ধরনের হামলায় পারমাণবিক নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে।
ছয় চুল্লিই এখন বন্ধ
রাশিয়া ইউক্রেনে পূর্ণাঙ্গ অভিযান শুরুর প্রায় এক মাস পর জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি দখল করে। এরপর থেকে কেন্দ্রটি রুশ ব্যবস্থাপনায় রয়েছে।
কেন্দ্রটির ছয়টি চুল্লি থেকে প্রায় ৬ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। যুদ্ধের আগে ইউক্রেনের জাতীয় বিদ্যুৎ গ্রিডে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে এটি ছিল গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র।
রাশিয়ার দখলের পর ছয়টি চুল্লিই বন্ধ রয়েছে। তবে যুদ্ধের মধ্যে কেন্দ্রটিতে হামলা হলে স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার গুরুতর ঝুঁকি রয়েছে।
মঙ্গলবারের ড্রোন হামলাটি আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসির নির্ধারিত পরিদর্শনের আগে ঘটেছে। ওই সফরে কেন্দ্রটির পারমাণবিক নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নের কথা ছিল। হামলার পর সফরটি যথাসময়ে হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
বিদ্যুৎকেন্দ্রেও রুশ হামলার অভিযোগ
জাপোরিঝঝিয়া পারমাণবিক কেন্দ্রের কাছে হামলার কয়েক ঘণ্টা পর মধ্য ইউক্রেনের একটি তাপবিদ্যুৎকেন্দ্রে রুশ হামলার খবর পাওয়া যায়। ইউক্রেনের সবচেয়ে বড় জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান ডিটিইকে জানায়, হামলার পর কেন্দ্রটির কার্যক্রম বন্ধ হয়ে যায়।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হামলায় কেন্দ্রটির যন্ত্রপাতির ‘ব্যাপক ক্ষতি’ হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ডিটিইকের দাবি, যুদ্ধ শুরুর পর থেকে তাদের তাপবিদ্যুৎকেন্দ্রগুলোতে রাশিয়া ২৩০ বার হামলা চালিয়েছে। ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ধ্বংসের চলমান রুশ অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।
সূত্র: আলজাজিরা