সৌদি তরুণীদের গ্রীষ্মের ছুটি কাটছে কর্মপ্রস্তুতিতে আন্তর্জাতিক ডেস্ক: সৌদি তরুণীদের গ্রীষ্মের ছুটি কাটছে কর্মপ্রস্তুতিতে
আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের অনেক তরুণীর কাছে গ্রীষ্মের ছুটি এখন আর শুধু অবসর কাটানোর সময় নয়। কর্মজীবনের প্রস্তুতিতে এই সময়কে কাজে লাগাচ্ছেন তারা। কোডিং বুটক্যাম্প, কৃত্রিম বুদ্ধিমত্তা, চিকিৎসাক্ষেত্রে হাতে-কলমে প্রশিক্ষণ, সাইবার নিরাপত্তা ও করপোরেট ইন্টার্নশিপে যুক্ত হয়ে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগেভাগেই নিজেদের কর্মজীবনের ভিত্তি তৈরি করছেন।
সৌদি ভিশন ২০৩০-এর আওতায় তরুণদের কর্মবাজারের উপযোগী দক্ষতা তৈরিতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি উচ্চশিক্ষায় তীব্র প্রতিযোগিতাও এই প্রবণতাকে উৎসাহিত করছে।
রিয়াদ স্কুলসের দশম শ্রেণিতে উঠতে যাওয়া আলা বুখারি গ্রীষ্মের ছুটির একটি বড় অংশ কাটিয়েছেন ‘ইমার্জিং ইনোভেটরস’ কর্মসূচিতে। সেখানে কোডিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদ্যোক্তা হওয়ার বিষয়ে হাতে-কলমে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি।
বুখারি বলেন, ভবিষ্যতের বিভিন্ন পেশা সম্পর্কে আগে থেকেই ধারণা নেওয়া এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনে কাজে লাগবে এমন অভিজ্ঞতা অর্জন করাই তাঁর লক্ষ্য। ছোটবেলা থেকেই শিক্ষকদের উৎসাহে উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে পরিকল্পনা করতে শুরু করেন তিনি।
‘ইমার্জিং ইনোভেটরস’-এর খুচরা ব্যবসাবিষয়ক বিভাগে সহপাঠীদের সঙ্গে বাস্তব ব্যবসায়িক সমস্যা বিশ্লেষণ এবং কোম্পানির জন্য কার্যকর বাণিজ্যিক সমাধান তৈরিতে কাজ করেছেন বুখারি।
আগে সমস্যা সমাধানকে তিনি সরলভাবে দেখতেন-সমস্যা শনাক্ত করা, দ্রুত সমাধান বের করা এবং কাজ শেষ করা। কিন্তু প্রশিক্ষণে তিনি বুঝেছেন, উদ্ভাবন একটি ধারাবাহিক প্রক্রিয়া। ধারণা পরীক্ষা করা, মতামত নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী বারবার পরিবর্তন করাই এর অংশ।
প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি দলগত কাজ ও নেতৃত্বের সক্ষমতাও বাড়াতে চান বুখারি। ভিন্ন মতের মানুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবং সফল পেশাজীবীদের সঙ্গে যোগাযোগ তৈরির সুযোগকেও তিনি গুরুত্বপূর্ণ মনে করেন।
তাঁর মতে, সৌদি ভিশন ২০৩০ তরুণীদের জন্য নতুন সুযোগ তৈরিতে বড় ভূমিকা রাখছে। একই সঙ্গে একাডেমিক প্রতিযোগিতাও শিক্ষার্থীদের গ্রীষ্মের ছুটি কাজে লাগাতে উৎসাহিত করছে।
সাইবার নিরাপত্তা থেকে চিকিৎসাক্ষেত্র
মদিনার উচ্চমাধ্যমিক শিক্ষার্থী দিম আল-হুজাইলি গ্রীষ্মে একটি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা নিয়েছেন। এর ফলে বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ে পড়বেন, সে সিদ্ধান্তেও পরিবর্তন এসেছে।
ছোটবেলা থেকেই স্থাপত্যবিদ হওয়ার ইচ্ছা ছিল তাঁর। কিন্তু সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানে কাজ করার পর কম্পিউটার বিজ্ঞান নিয়েও পড়াশোনার কথা ভাবছেন তিনি।
ইন্টার্নশিপের মাধ্যমে যোগাযোগ, সময় ব্যবস্থাপনা এবং নেটওয়ার্ক নিরাপত্তা সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করেছেন দিম। তাঁর মতে, পরিচিত একটি প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা ভবিষ্যতে অন্য শিক্ষার্থীদের তুলনায় তাঁকে এগিয়ে রাখবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও একইভাবে গ্রীষ্মের ছুটিকে কাজে লাগাচ্ছেন। মেডিকেল শিক্ষার্থী লিনা আল-দাখিলালাহ ছুটিতে বিভিন্ন চিকিৎসা বিভাগে ক্লিনিক্যাল প্রশিক্ষণ নিয়েছেন।
তিনি বলেন, বইয়ে তাত্ত্বিক জ্ঞান অর্জন আর বাস্তব রোগীর চিকিৎসায় সেই জ্ঞান প্রয়োগের মধ্যে বড় পার্থক্য রয়েছে। চিকিৎসকদের সঙ্গে কাজ, রোগীদের দেখা এবং স্বাস্থ্যসেবা দলের কার্যক্রম পর্যবেক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ পেশা সম্পর্কে তাঁর ধারণা আরও পরিষ্কার হয়েছে।
বিশেষায়িত চিকিৎসাক্ষেত্র বেছে নেওয়ার ক্ষেত্রেও এই অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ বলে মনে করেন লিনা। বই পড়ে কোনো বিষয়ে আগ্রহ তৈরি হতে পারে, কিন্তু বাস্তবে সেই বিভাগে কাজ করলে কাজের চাপ, রোগীর ধরন, দলগত পরিবেশ এবং সিদ্ধান্ত নেওয়ার বাস্তবতা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়।
ডিগ্রির আগেই কর্মজীবনের প্রস্তুতি
লিনার মতে, সৌদি তরুণীদের মধ্যে এখন এমন ধারণা তৈরি হয়েছে যে ক্যারিয়ার গড়ার প্রস্তুতি স্নাতক হওয়ার পর থেকে শুরু করতে হবে-এমন নয়। শিক্ষাজীবনেই ইন্টার্নশিপ, প্রশিক্ষণ ও একাডেমিক পড়াশোনার বাইরের অভিজ্ঞতা নেওয়ার প্রবণতা বাড়ছে।
সৌদি আরবের বিভিন্ন জাতীয় উদ্যোগও তরুণীদের আগেভাগে নিজেদের দক্ষতা তৈরিতে উৎসাহিত করছে। লিনা বলেন, তাঁর আশপাশের তরুণীরা অভিজ্ঞতা অর্জন, নিজেদের সক্ষমতা বাড়ানো এবং ভবিষ্যৎ পেশার জন্য প্রস্তুত হতে আগ্রহী।
সৌদি আরবের মানবসম্পদ উন্নয়ন কর্মসূচির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ১৫ থেকে ২৪ বছর বয়সী ৩ লাখ ৫০ হাজার সৌদি তরুণ-তরুণী কর্মজীবনে প্রবেশ করেছেন। একই সময়ে উচ্চদক্ষতার পেশায় সৌদিদের অংশ বেড়ে হয়েছে ৩৯ দশমিক ৯ শতাংশ।
লিনা মনে করেন, গ্রীষ্মের এই বাস্তব অভিজ্ঞতা ভবিষ্যতে পূর্ণকালীন কর্মজীবনে প্রবেশের সময় তাঁকে বাড়তি সুবিধা দেবে। বিশেষ করে চিকিৎসার মতো ক্ষেত্রে শেখার শেষ নেই। তাই স্নাতক হওয়ার পর যেন একেবারে শূন্য থেকে শুরু করতে না হয়, সেই প্রস্তুতিই এখন থেকে নিতে চান তিনি।