৭৫ দেশের সঙ্গে হজ ২০২৭ প্রস্তুতি সৌদির

 প্রকাশ: ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

৭৫ দেশের সঙ্গে হজ ২০২৭ প্রস্তুতি সৌদির

আন্তর্জাতিক ডেস্ক:

২০২৭ সালের হজ মৌসুম সামনে রেখে বিশ্বের ৭৫টির বেশি দেশের হজবিষয়ক দপ্তরের সঙ্গে প্রস্তুতিমূলক বৈঠক শুরু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, আগেভাগে পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে হজযাত্রীদের যাত্রা সহজ করা এবং সেবার মান উন্নত করাই এসব বৈঠকের মূল লক্ষ্য।

বৈঠকে আগামী হজ মৌসুমের প্রস্তুতি, সংশ্লিষ্ট দেশগুলোর হজবিষয়ক দপ্তরের পরিচালন পরিকল্পনা এবং হজ ব্যবস্থাপনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা ও বিধিবিধান নিয়ে আলোচনা হচ্ছে।

এ ছাড়া বিভিন্ন দেশের হজবিষয়ক দপ্তরের চাহিদা ও প্রশ্ন পর্যালোচনা করা হচ্ছে। অনুমোদিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও প্রস্তুতি সম্পন্ন করতেও এসব বৈঠকের মাধ্যমে সহযোগিতা করা হচ্ছে।

মন্ত্রণালয় বলেছে, হজ ২০২৭-এর জন্য এই আগাম প্রস্তুতি সৌদি নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী নেওয়া হয়েছে। হাজিদের সেবায় সব ধরনের সম্পদ ও সক্ষমতা কাজে লাগানো এবং তাঁদের যাত্রা নির্বিঘ্ন করাই এর উদ্দেশ্য।

সৌদি ভিশন ২০৩০ ও পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের লক্ষ্য পূরণেও এই উদ্যোগ নেওয়া হয়েছে। হজবিষয়ক দপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় বাড়িয়ে প্রস্তুতির মাত্রা উন্নত এবং সেবার মান আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এদিকে মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশআল জেদ্দা এয়ারপোর্টস কোম্পানির প্রধান নির্বাহী মাজেন জোহরের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে কিং আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের চলতি বছরের কার্যক্রম ও গুরুত্বপূর্ণ অর্জন পর্যালোচনা করা হয়।

গত ওমরাহ ও হজ মৌসুমের ফলাফল, বিমানবন্দরের উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনাও বৈঠকে উঠে আসে। যাত্রীসেবা উন্নত করা ও বিমানবন্দরের কার্যকারিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

ডেপুটি গভর্নরের কাছে উপস্থাপিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত বিমানবন্দরটি প্রায় ২ কোটি ৮৫ লাখ ৫০ হাজার যাত্রীকে সেবা দিয়েছে। এ সময়ে ১ লাখ ৬৯ হাজার ৯০০টি ফ্লাইট পরিচালিত হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement