ইয়েমেনে মসাম প্রকল্পে সরানো হলো ৫২৮৭ বিস্ফোরক
আন্তর্জাতিক ডেস্ক:
ইয়েমেনে গত সপ্তাহে ৫ হাজার ২৮৭টি বিস্ফোরক ডিভাইস সরিয়েছে সৌদি আরবের মসাম প্রকল্পের কর্মীরা। এসব বিস্ফোরক দেশটির বিভিন্ন এলাকায় এলোমেলোভাবে পুঁতে রাখা হয়েছিল, যা শিশু, নারী ও বয়স্কসহ সাধারণ মানুষের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছিল।
সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, সরানো বিস্ফোরকগুলোর মধ্যে ছিল ২ হাজার ৭৫টি অবিস্ফোরিত গোলাবারুদ, ৬৮টি ট্যাংকবিধ্বংসী মাইন, ১১টি ব্যক্তিবিধ্বংসী মাইন এবং তিনটি হাতে তৈরি বিস্ফোরক ডিভাইস।
মারিব, এডেন, জাওফ, শাবওয়া, তাইজ, হোদেইদা, লাহিজ, সানা, আল-বাইদা, আল-দালি ও সাদাসহ ইয়েমেনের বিভিন্ন এলাকায় এসব বিস্ফোরক অপসারণের কাজ চালানো হয়।
২০১৮ সালে মসাম প্রকল্প চালুর পর থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট ৫ লাখ ৮৫ হাজার ৬৭০টি বিস্ফোরক ডিভাইস সরানো হয়েছে।
প্রকল্পটির কর্মীরা গ্রাম, সড়ক ও স্কুল এলাকা থেকে মাইন ও অন্যান্য বিস্ফোরক সরিয়ে নিরাপদ চলাচল নিশ্চিত করার পাশাপাশি মানবিক সহায়তা পৌঁছানোর পথ তৈরি করছেন।
সৌদি সহায়তা সংস্থা কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার (কেএসরিলিফ) প্রকল্পটি বাস্তবায়ন করছে। এর আওতায় স্থানীয় ইয়েমেনি মাইন অপসারণ প্রকৌশলীদের প্রশিক্ষণ, আধুনিক সরঞ্জাম সরবরাহ এবং বিস্ফোরকে আহত ইয়েমেনিদের সহায়তা দেওয়া হচ্ছে।