ইরানের সঙ্গে আলোচনা চালাতে ট্রাম্পকে এরদোয়ানের আহ্বান

 প্রকাশ: ১৮ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

ইরানের সঙ্গে আলোচনা চালাতে ট্রাম্পকে এরদোয়ানের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একই সঙ্গে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় আঙ্কারার সমর্থন অব্যাহত রাখার কথাও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে ফোনালাপে এরদোয়ান বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা কমাতে কূটনীতির সর্বোচ্চ ব্যবহার করা জরুরি। আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, শান্তি প্রচেষ্টায় তুরস্ক সহযোগিতা করে যাবে।

তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। তুরস্ক ইরানের প্রতিবেশী এবং ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি। যুদ্ধ শুরুর পর থেকে দেশটি যুক্তরাষ্ট্র, ইরান এবং পাকিস্তান ও কাতারের মতো মধ্যস্থতাকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

এরদোয়ানের ফোনালাপের আগে সোমবার এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানান, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের আলোচনা থমকে যাওয়ায় ইরান সামরিক অবস্থানকে ‘পুরোপুরি আক্রমণাত্মক’ পর্যায়ে নিয়ে যাবে। একই সময়ে ওয়াশিংটনও অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা নাকচ করেছে।

হরমুজ নিয়ে আলোচনা থমকে আছে

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক করার প্রচেষ্টাতেও অগ্রগতি থেমে গেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ আবার খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছে তুরস্ক।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সমালোচনা করলেও উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলারও নিন্দা জানিয়েছে আঙ্কারা। একই সঙ্গে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি।

সোমবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং যুদ্ধবিরতি অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করেন।

ট্রাম্পের সঙ্গে ফোনালাপে এরদোয়ান দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, গাজা যুদ্ধ এবং তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি নিয়েও কথা বলেন। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ওই চুক্তিকে ‘শক্ত অবস্থানের’ প্রতীক হিসেবে প্রশংসা করেন এরদোয়ান।

গাজায় হামলা বেড়েছে: এরদোয়ান

ফোনালাপে গাজা নিয়েও ট্রাম্পের সঙ্গে কথা বলেন এরদোয়ান। তিনি বলেন, ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ কার্যকর হওয়ার কথা থাকলেও ওই সময়েই ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা বেড়েছে।

তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, এ বিষয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে।

ট্রাম্পের সঙ্গে ফোনালাপ নিয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

Advertisement
Advertisement
Advertisement