রিফ্লেক্টিং পুল মামলায় সাবেক অলিম্পিয়ানের অব্যাহতি
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সাবেক অলিম্পিয়ান ডেভিড হিয়ারের বিরুদ্ধে লিংকন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুল ক্ষতিগ্রস্ত করার অভিযোগে করা ফৌজদারি মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে। শুক্রবার আদালতে দেওয়া এক নথিতে প্রসিকিউটররা জানান, নতুন পাওয়া তথ্য থেকে বোঝা গেছে, ক্ষতির কারণ কোনো ভাঙচুর নয়; বরং ঠিকাদারের ত্রুটিপূর্ণ কাজ।া
বিচার বিভাগের ২০ পৃষ্ঠার আবেদনে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাওয়া অতিরিক্ত নথি ও সাম্প্রতিক পরিদর্শনে দেখা গেছে, পুলের বিভিন্ন অংশে ক্ষতি ছিল। এমনকি মাঝখানের অংশেও ক্ষতির চিহ্ন পাওয়া গেছে, যেখানে কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আবরণ ছিঁড়েছে—এমন দাবি করা কঠিন।
প্রসিকিউটররা বলেন, আমেরিকা ২৫০ উদ্যাপন উপলক্ষে স্বাধীনতা দিবসের আগের কয়েক সপ্তাহের মধ্যে প্রকল্প শেষ করার তাড়াহুড়োর কারণেও পরিস্থিতি জটিল হয়ে থাকতে পারে। নতুন তথ্যের ভিত্তিতে রিফ্লেক্টিং পুলের ব্যাপক ক্ষতিকে ভাঙচুর হিসেবে প্রমাণ করা কঠিন হয়ে পড়েছে।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জিনাইন পিরোর দপ্তর আদালতে জানায়, শুরুতে পাওয়া তথ্যের ভিত্তিতেই হিয়ারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। কিন্তু পরে পাওয়া নথিতে দেখা যায়, ক্ষতির পেছনে ঠিকাদারের ত্রুটিপূর্ণ স্থাপনাই বড় কারণ হতে পারে।
হিয়ারের আইনজীবীরা মামলাটি প্রত্যাহারকে স্বাগত জানিয়ে বলেন, তাদের মক্কেলের বিরুদ্ধে এই অভিযোগ আনা উচিতই ছিল না। তাদের দাবি, কোনো অপরাধ না করেও একজন দেশপ্রেমিক আমেরিকানকে গ্রেপ্তার ও অভিযুক্ত করা হয়েছে।
মামলাটি প্রত্যাহার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। এর আগে ওয়াশিংটনের ঐতিহাসিক স্থাপনার ক্ষতির ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনার উদাহরণ হিসেবে এই মামলা তুলে ধরেছিল প্রশাসন।
হিয়ারের আইনজীবীরা এর আগে গ্র্যান্ড জুরি নথি পাওয়ার আবেদন করেছিলেন। তাদের দাবি ছিল, তদন্ত প্রক্রিয়ায় অনিয়ম ছিল এবং ন্যাশনাল পার্ক সার্ভিসের এক কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন যে, হিয়ারের কথিত কর্মকাণ্ডের আগেই পুলে বড় ধরনের ক্ষতি ছিল।
আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, পুলটি আগে থেকেই প্রতি সপ্তাহে ১০ লাখ গ্যালনের বেশি পানি হারাচ্ছিল, এর সম্প্রসারণ জোড়াগুলোর কার্যক্ষমতার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এবং আবরণে আগেই ফাটল ছিল।
হিয়ার চলতি মাসের শুরুতে নিজের বিরুদ্ধে আনা সম্পত্তি ধ্বংসের অভিযোগ অস্বীকার করে আদালতে নির্দোষ দাবি করেছিলেন। অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারত। মামলার বিচার শুরু হওয়ার কথা ছিল ২৮ সেপ্টেম্বর।
৬৭ বছর বয়সী হিয়ার মেরিল্যান্ডের বেথেসডার বাসিন্দা। তিনি তিনটি গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশ নিয়েছেন। ১৯৯৬ সালের আটলান্টা অলিম্পিকে নবম স্থান অর্জন ছিল তার সেরা ফল।