দ্রুত ছড়াচ্ছে ইবোলা, কঙ্গোতে ২ হাজার আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক:
কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাব আরও দ্রুত ছড়িয়ে পড়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২ হাজার ১১ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৭৫৪ জন। এটি দেশটিতে নথিভুক্ত ইবোলার সবচেয়ে দ্রুত বিস্তার হওয়া প্রাদুর্ভাব বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
ইবোলার প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বুধবার বুনিয়া জেনারেল হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা বেতন ও ভাতা না পাওয়ার অভিযোগে কর্মবিরতিতে যান।
হাসপাতালের প্রধান প্রবেশপথ আটকে দিয়ে কর্মীরা জানান, কঠিন পরিস্থিতিতে রোগীদের সেবা দিলেও তারা কোনো পারিশ্রমিক পাননি।
ডব্লিউএইচও জানিয়েছে, চলমান এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত ১০০ জনের বেশি স্বাস্থ্যকর্মী ইবোলায় আক্রান্ত হয়েছেন। এতে চিকিৎসা কার্যক্রম মারাত্মক চাপের মুখে পড়েছে।
কঙ্গোতে বিরল ধরনের ‘বান্দিবুগিও’ ভাইরাসের কারণে গত ১৫ মে থেকে এই ইবোলা সংক্রমণ শুরু হয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ৭৫৩ জন রোগী আইসোলেশন বা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হয়েছেন ৩৬৬ জন।
তবে আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা মানুষের খোঁজ বের করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত সম্ভাব্য সংস্পর্শে আসা ব্যক্তিদের মাত্র ৬৭ শতাংশকে শনাক্ত করা সম্ভব হয়েছে।
ডব্লিউএইচও বলছে, নতুন আক্রান্তদের অন্তত ৮০ শতাংশের ক্ষেত্রে সংক্রমণের উৎস বা রোগ ছড়ানোর পথ এখনো অজানা। ফলে নিয়ন্ত্রণ কার্যক্রমের চেয়ে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে ভাইরাসটি।
স্বাস্থ্য কর্মকর্তারা এখনো এই প্রাদুর্ভাবের প্রথম রোগী বা ‘পেশেন্ট জিরো’ শনাক্ত করতে পারেননি। পাশাপাশি পূর্ব কঙ্গোর সশস্ত্র সংঘাত, মানুষের বাস্তুচ্যুতি এবং খনিশিল্পকেন্দ্রিক চলাচল রোগ শনাক্ত ও সংস্পর্শ অনুসন্ধান আরও কঠিন করে তুলেছে।
ডব্লিউএইচওর জরুরি স্বাস্থ্য বিভাগের প্রধান ড. চিকওয়ে ইহেকওয়াজু বলেন, নতুন করে মৃতদের অনেকেই হাসপাতালে পৌঁছানোর আগেই নিজ নিজ এলাকায় মারা গেছেন। ফলে তারা প্রয়োজনীয় চিকিৎসা পাওয়ার সুযোগ পাননি।
ইবোলা মোকাবিলায় অর্থসংকট, স্বাস্থ্যকেন্দ্রে হামলা, চলমান সংঘাত এবং স্থানীয় মানুষের মধ্যে অবিশ্বাস বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
এর আগে রওয়ামপারা ইবোলা চিকিৎসা কেন্দ্রে কর্মরত কয়েক ডজন স্বাস্থ্যকর্মীও বেতন ও বোনাস না পাওয়ার অভিযোগে ধর্মঘটে যান। পরে সরকার ৭২ ঘণ্টার মধ্যে অর্থ পরিশোধের আশ্বাস দিলে তারা কাজে ফেরেন।
এই প্রাদুর্ভাব মোকাবিলায় আরেকটি বড় সমস্যা হলো-বান্দিবুগিও ভাইরাসের বিরুদ্ধে এখনো অনুমোদিত কোনো টিকা বা চিকিৎসা নেই। এর বিপরীতে ইবোলার সবচেয়ে পরিচিত ‘জাইর’ ভাইরাসের জন্য টিকা রয়েছে।
তবে ইতুরি প্রদেশে ইবোলার সম্ভাব্য দুটি চিকিৎসা পদ্ধতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ গবেষণার অংশ হিসেবে রোগী অন্তর্ভুক্তির কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা আশা করছেন, এই গবেষণা ভবিষ্যতে চিকিৎসার নতুন পথ তৈরি করতে পারে।