হরমুজে উত্তেজনা, ট্রাম্প ক্ষুব্ধ, অনড় অবস্থানে রইল ইরান

অনলাইন ডেস্ক
০৮ জুলাই ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

আন্তর্জাতিক

হরমুজে উত্তেজনা, ট্রাম্প ক্ষুব্ধ, অনড় অবস্থানে রইল ইরান

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সামরিক হামলা, হরমুজ প্রণালিতে নতুন করে জাহাজে ড্রোন হামলা এবং নিষেধাজ্ঞা শিথিলের সুবিধা বাতিল—সব মিলিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। তবে এসব চাপের মধ্যেও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে একচুলও ছাড় দিতে রাজি নয় বলে স্পষ্ট জানিয়েছে ইরান।

৮ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoU) এখন কার্যত শেষ। হরমুজ প্রণালিতে কয়েকটি জাহাজে ড্রোন হামলার পর তিনি ইরানের নেতাদের কঠোর ভাষায় সমালোচনা করেন।

এদিকে বুধবার সকালে যুক্তরাষ্ট্র দক্ষিণ ইরানে সামরিক হামলা চালায়। ট্রাম্পের দাবি, এই হামলা ইরানের আগের হামলার তুলনায় ২০ গুণ বেশি শক্তিশালী ছিল। জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) ও সেনাবাহিনী বাহরাইন ও কুয়েতের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি জানায়। একই সঙ্গে ওয়াশিংটনের বিরুদ্ধে সমঝোতা স্মারকের শর্ত ভঙ্গের অভিযোগ তোলে তেহরান।

বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে সমঝোতা স্মারকের ৫ নম্বর অনুচ্ছেদ। ইরানের দাবি, এই ধারা অনুযায়ী হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যবস্থাপনার অধিকার তাদের রয়েছে। তবে যুক্তরাষ্ট্র বলছে, ওই ধারায় শুধু ইরানের দায়িত্বের কথা বলা হয়েছে—যাতে তারা বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা না দেয়। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম আজিজি সামাজিক মাধ্যমে লিখেছেন, "হরমুজ প্রণালিতে নতুন ইরানি বাস্তবতাকে স্বীকৃতি দিতে হবে।"

অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানির জন্য দেওয়া ৬০ দিনের নিষেধাজ্ঞা শিথিলের সুবিধাও বাতিল করেছে, যা ছিল সমঝোতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সুবিধাগুলোর একটি। এর ফলে দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা বেড়েছে। যদিও ট্রাম্প বলেছেন, তিনি নিজে আলোচনায় আশাবাদী নন, তবুও মার্কিন আলোচকরা চাইলে ভবিষ্যতে নতুন করে আলোচনা হতে পারে।

এদিকে ইরানের ভেতরেও সমঝোতা নিয়ে মতবিরোধ তীব্র হয়েছে। কট্টরপন্থী নেতারা দাবি করছেন, যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করার ফলই হচ্ছে এই নতুন সংকট। একই সময়ে ইসরায়েলও আবার ইরানের সঙ্গে সম্ভাব্য নতুন সংঘাতের প্রস্তুতি নিচ্ছে বলে কয়েকটি ইসরায়েলি গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।

সূত্র: আলজাজিরা