খুলনা টিটিসি অনিরাপদ অভিবাসন রোধে দক্ষতা ও ভাষা প্রশিক্ষণ শুরু করেছে
মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো প্রধান :
অনিরাপদ অভিবাসন রোধ এবং ইউরোপের শ্রমবাজারে দক্ষ কর্মী প্রেরণের লক্ষ্যে আইএলও (ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন) ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশে বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম চালু হয়েছে। বাংলাদেশ জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর আওতায় বর্তমানে খুলনা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), রাজশাহী টিটিসি, মহিলা টিটিসি এবং বি কে টিটিসিতে বিভিন্ন পেশায় চার মাস মেয়াদি দক্ষতা উন্নয়ন ও ইতালীয় ভাষা প্রশিক্ষণ প্রদান চলছে।
অকুপেশনভিত্তিক এসব প্রশিক্ষণের মধ্যে রয়েছে— প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংস, ড্রাইভিং, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স, বেকারি অ্যান্ড পেস্ট্রি, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন এবং ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসসহ আরও কয়েকটি কোর্স।
খুলনা টিটিসির অধ্যক্ষ জিয়াউর রহমান ‘প্রতিদিনের দেশ’–কে বলেন, “লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তরুণদের অনিরাপদ অভিবাসনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সরকার ও আইএলও’র এ উদ্যোগ সফল হলে ইতালির বৈধ শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ কর্মীদের বিশাল সুযোগ সৃষ্টি হবে।”
তিনি আরও জানান, “খুলনা টিটিসিতে ইতোমধ্যে তিনটি অকুপেশনে ২০ জন করে মোট ৬০ জন প্রশিক্ষণার্থীর জন্য স্কিল ট্রেনিং ও ইতালীয় ল্যাঙ্গুয়েজ ট্রেনিং শুরু হয়েছে। কোর্সগুলো হলো— ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংস ও ড্রাইভিং (লেভেল–৩)।”
সরকার আশাবাদী, এই উদ্যোগ সফল হলে ভবিষ্যতে ইউরোপীয় শ্রমবাজারে বৈধ পথে কর্মসংস্থান অধিকতর সহজ ও নিরাপদ হবে।