বাগেরহাটে বাস চাপায় ঠিকাদার নিহত
মাসুদ আল হাসান, প্রতিনিধি :
বাগেরহাটে যাত্রীবাহী বাসের চাপায় মো. শামীম তালুকদার (৩০) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। ২৪ অক্টোবর শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা-বাগেরহাট মহাসড়কের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত শামীম শরণখোলা উপজেলার কদমতলা গ্রামের মতি তালুকদারের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি শহরের মেগনিতলা এলাকায় ভাড়া থেকে থাকতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শামীম সকালে মোটরসাইকেল চালিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। পথে ফাল্গুনি পরিবহনের একটি বাস তাকে ও তার মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাগেরহাট মডেল থানার ওসি মো. মাহমুদ-উল হাসান জানান, বাসটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের ইচ্ছা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।