সংবাদ শিরোনাম

খুলনায় জিসান হত্যাকারীর বাড়িতে আগুন , গ্রেপ্তার ৩

 প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৬:১০ অপরাহ্ন   |   জেলার খবর

খুলনায় জিসান হত্যাকারীর বাড়িতে আগুন , গ্রেপ্তার ৩

খুলনা প্রতিনিধি :

খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া খেয়াঘাট এলাকায় ৭ বছর বয়সী শিশু জিসানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শিশুটি বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে পার্শ্ববর্তী চাচার বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় এবং নিখোঁজ হয়।

১১ অক্টোবর শনিবার  বিকেলে দিঘলিয়া থানা পুলিশ ও যৌথ বাহিনী শিশুর মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহে হাত-পা বাঁধা ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত শিশুর পিতা মোঃ আলমগীর হোসেন রবিবার দিঘলিয়া থানায় মামলা করেন (মামলা নম্বর: ৪, ১২/১০/২০২৫)। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফয়সাল (২৫), তার পিতা জিএম হান্নান (৫২) ও মাতা মাহিনুর বেগম (৪৫)কে গ্রেপ্তার করেছে।

আজ ১২ অক্টোবর রবিবার বেলা সোয়া ১১টায় বিক্ষুব্ধ এলাকাবাসী ও মন্ডল মিলের শ্রমিকরা ফয়সালের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। একই দিনে দেয়াড়া খেয়াঘাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে শিশুর দাফন পিতার গ্রামের শেরপুরে সম্পন্ন হবে।