খুলনায় রাষ্ট্রীয়ভাবে লালন তিরোধান দিবস উদযাপন সভা
খুলনা প্রতিনিধি :
বাংলাদেশের প্রতিটি জেলার ন্যায় খুলনাতেও আসছে ১৭ অক্টোবর রাষ্ট্রীয়ভাবে লালন তিরোধান দিবস পালিত হবে। দিবসটি সফলভাবে উদযাপনের লক্ষ্যে আজ ৮ অক্টোবর বুধবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “বাংলাদেশে এই প্রথমবারের মতো লালন সাঁইজির অনুষ্ঠানকে ‘ক’ শ্রেণীতে অন্তর্ভুক্ত করে গেজেটভুক্ত করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে ‘ক’ শ্রেণীর অনুষ্ঠানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। খুলনায় এবারই প্রথম সারাদেশের সঙ্গে একযোগে লালন তিরোধান দিবস পালিত হবে।”
তিনি আরও জানান, দিবসটি উপলক্ষে আগামী ১৭ অক্টোবর বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা এবং সন্ধ্যা সাড়ে ছয়টার পর লালন সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক বলেন, “দিবসটি শান্তিপূর্ণভাবে উদযাপনে পুলিশ, ফায়ার সার্ভিস, স্বেচ্ছাসেবক ও মেডিকেল টিম প্রস্তুত থাকবে।” তিনি গণমাধ্যমকর্মীদের আহ্বান জানান, “লালন সাঁইজির দর্শন ও মানবতাবাদী চিন্তাধারা সর্বত্র ছড়িয়ে দিতে প্রচার-প্রচারণায় একযোগে কাজ করতে হবে।”
সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, সংস্কৃতিকর্মী, সাংবাদিক এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।