অপসাংবাদিকতা রোধে প্রতিকারের চেয়ে প্রতিরোধ জরুরি ; যশোর জেলা প্রশাসক
শোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান আজ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে গণমাধ্যমকর্মীদের সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেনখুলনা ব্যুরো :
সত্য ও সঠিক সংবাদ পরিবেশনে তথ্য যাচাই বা ফ্যাক্ট-চেকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্যাক্ট-চেকিং ছাড়া কোনো সংবাদ প্রচার না করতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
আজ বৃহস্পতিবার যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে গণমাধ্যমকর্মীদের সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক দিনব্যাপী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, গুজব ও ভুল তথ্য সমাজে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে। মিথ্যা তথ্যকে মিথ্যা হিসেবে প্রমাণ করা অত্যন্ত কঠিন। তাই কোনো তথ্য বা সংবাদ প্রচারের আগে এর সত্যতা যাচাই করা জরুরি।
তিনি আরও বলেন, গুজব সৃষ্টিকারী ও অপসাংবাদিকতা রোধে প্রতিকারের চেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ বেশি জরুরি। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আঞ্চলিক তথ্য অফিস, খুলনার উদ্যোগে আয়োজিত এ সেমিনারকে সময়োপযোগী উল্লেখ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান জেলা প্রশাসক।
খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুন্না বিশ্বাস।
স্বাগত বক্তব্য দেন যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. রেজাউল করিম। সেমিনার সঞ্চালনা করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মো. রমজান আলী।
সভাপতির মূলপ্রবন্ধে তথ্যের সত্যতা নিশ্চিতকরণে গণমাধ্যমকর্মীদের সচেতনতা ও ফ্যাক্ট-চেকিংয়ের গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় তথ্য যাচাইয়ের বিভিন্ন প্রয়োজনীয় টুলস সম্পর্কেও ধারণা দেওয়া হয়।
সেমিনারে যশোর প্রেসক্লাবের আহ্বায়ক একরাম উদ-দৌলা, সদস্যসচিব মবিনুল ইসলাম মবিন, দৈনিক লোকসমাজ-এর ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টুসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা বক্তব্য দেন।
মুক্ত আলোচনায় গণমাধ্যমকর্মীরা তথ্যের সত্যতা নিশ্চিতকরণ, ফ্যাক্ট-চেকিং এবং গণমাধ্যমকর্মীদের সচেতনতা তৈরির বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন।
সেমিনারে যশোরের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের ৩০ জন কর্মী অংশ নেন। যশোর জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় খুলনা আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি এ সেমিনারের আয়োজন করে।