সাংবাদিককে হেনস্তার অভিযোগের পর খুলনা ড্রেজিং বিভাগের কর্মকর্তাকে বদলি

 প্রকাশ: ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন   |   খুলনা

সাংবাদিককে হেনস্তার অভিযোগের পর খুলনা ড্রেজিং বিভাগের কর্মকর্তাকে বদলি ছবি-সংগৃহীত

খুলনা ব্যুরো :

খুলনায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিককে হেনস্তা ও পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ ওঠার পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) খুলনা ড্রেজিং বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলামকে বদলি করা হয়েছে। সম্প্রতি জারি করা এক অফিস আদেশে তাঁকে খুলনা থেকে ঢাকায় বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলীর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, গত ২০ আগস্ট মো. রবিউল ইসলামকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করে ঢাকায় প্রধান প্রকৌশলীর দপ্তরে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়। আদেশে বদলির কারণ হিসেবে প্রশাসনিক স্বার্থের কথা উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি অফিসে নির্ধারিত সময়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহ করতে সম্প্রতি খুলনা ড্রেজার বেইজে যান ৭১ টেলিভিশনের খুলনা প্রতিনিধি রাজু হাওলাদার। এ সময় সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার পাশাপাশি তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয় বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে তাঁকে অফিস থেকে বের করে দেওয়ারও অভিযোগ করা হয়।

ঘটনাটি নিয়ে সাংবাদিকদের মধ্যে আলোচনা-সমালোচনার মধ্যেই নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলামের বদলির আদেশ আসে। ফলে ঘটনাটির সঙ্গে বদলির কোনো যোগসূত্র আছে কি না, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা তৈরি হয়েছে।

তবে অফিস আদেশে প্রশাসনিক স্বার্থের কথা বলা হলেও সাংবাদিককে হেনস্তা ও সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া কিংবা তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ বিভিন্ন সময়ই উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি দপ্তরে তথ্য সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদেরও দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন। এ ক্ষেত্রে দুই পক্ষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতাই সুষ্ঠু সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে পারে।