খুলনার দারোগাপাড়ায় বাসা থেকে ৩ বিদেশি পিস্তলসহ অস্ত্র উদ্ধার
খুলনা ব্যুরো :
খুলনা নগরীর টুটপাড়া এলাকার দারোগাপাড়ায় একটি ভাড়া বাসা থেকে তিনটি বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগজিন, আট রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই পরিবারের তিনজনকে থানায় নেওয়া হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে মহিউদ্দিন সড়কের কেএম ইমতিয়াজ আলীর বাড়ির দোতলার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ হেফাজতে নেওয়া তিনজন হলেন—খান কুব্বাত আলী, তাঁর স্ত্রী শামসুন নাহার ও তাঁদের ছেলে কেএম আবিদ হাসান।
খুলনা থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দারোগাপাড়ার ওই বাসায় অভিযান চালানো হয়। সেখানে প্রবেশের পর ডাইনিং রুমের একটি চেয়ারের ওপর থেকে একটি পিস্তল দেখতে পায় পুলিশ। পরে পুরো ঘরে তল্লাশি চালিয়ে আরও দুটি বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পরে সন্ধ্যার দিকে একই বাসায় পুনরায় তল্লাশি চালিয়ে দুটি চাইনিজ কুড়াল, দুটি চাপাতিসহ দেশীয় তৈরি আরও কয়েকটি অস্ত্র জব্দ করা হয়।
পুলিশ জানায়, বুধবার সকালে টুটপাড়া এলাকায় তেরখাদা উপজেলার দুলু শেখের ছেলে মাসুদ শেখ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। ওই ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ অনুসন্ধান শুরু করে। প্রাথমিক অনুসন্ধানে কোনো তথ্য না মিললেও পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দারোগাপাড়ার ওই ভবনের দোতলায় অভিযান চালানো হয়। সেখানেই অস্ত্রগুলোর সন্ধান পাওয়া যায়।
পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, উদ্ধার করা অস্ত্রগুলোর উৎস এবং এগুলো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল কি না, তা জানতে তিনজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।