কুয়েটে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি, হবে তিন বিভাগীয় শহরে

২০২৬–২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে, গঠিত ভর্তি পরীক্ষা কমিটি

অনলাইন ডেস্ক
২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

খুলনা

কুয়েটে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি, হবে তিন বিভাগীয় শহরে

খুলনা ব্যুরো :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে। এবার ভর্তি পরীক্ষা খুলনা, ঢাকা ও রাজশাহী—এই তিন বিভাগীয় শহরে নেওয়া হবে।

মঙ্গলবার ২৫ আগস্ট অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১১৮তম বিশেষ সভায় স্নাতক পর্যায়ে শিক্ষার্থী ভর্তি-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কুয়েট কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এ জন্য ভর্তি পরীক্ষা কমিটিও গঠন করা হয়েছে।

দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ সহজ করা এবং তাঁদের যাতায়াত ও আবাসনসংক্রান্ত ভোগান্তি কমাতে তিনটি বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এতে দেশের বিভিন্ন প্রান্তের যোগ্য শিক্ষার্থীরা তুলনামূলকভাবে কাছের শহরে গিয়ে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া, শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষার সময়সূচি, আসনবিন্যাস ও অন্যান্য নির্দেশনা পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

কুয়েট কর্তৃপক্ষের আশা, তিন বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজনের ফলে শিক্ষার্থীদের অংশগ্রহণ সহজ হওয়ার পাশাপাশি ভর্তি কার্যক্রম আরও সুশৃঙ্খল ও শিক্ষার্থীবান্ধব হবে।