সংবাদ শিরোনাম

খুলনার ছয় আসনের চারটিতে বিএনপি, দুইটিতে জামায়াতের জয়

 প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন   |   খুলনা

খুলনার ছয় আসনের চারটিতে বিএনপি, দুইটিতে জামায়াতের জয়

মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনের বেসরকারি ফলাফলে চারটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দুইটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয় পেয়েছে। বৃহস্পতিবার রাতে বিভিন্ন আসনের রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় সূত্রে এ ফলাফল জানা যায়।

খুলনা–১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমীর এজাজ খান ১ লাখ ২১ হাজার ৩৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত কৃষ্ণ নন্দী পেয়েছেন ৭০ হাজার ৩৪৬ ভোট।


খুলনা–২ আসনে জামায়াতের শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল ৯৩ হাজার ৭৮৯ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নজরুল ইসলাম মঞ্জু পান ৮৮ হাজার ১৯৭ ভোট।

খুলনা–৩ আসনে বিএনপির রকিবুল ইসলাম বকুল ৭৮ হাজার ৮৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জামায়াতের প্রার্থী মোহাম্মদ মাহফুজুর রহমান পান ৬৬ হাজার ১০ ভোট।

খুলনা–৪ আসনে বিএনপির আজিজুল বারী হেলাল ১ লাখ ২৩ হাজার ১৬২ ভোট পেয়ে বিজয়ী হন। খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইন পান ১ লাখ ৯ হাজার ৫৩০ ভোট।

খুলনা–৫ আসনে বিএনপির মোহাম্মদ আলি আসগর লবি ১ লাখ ৪৮ হাজার ৮৫৪ ভোট পেয়ে জয়লাভ করেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পান ১ লাখ ৪৬ হাজার ২৪৬ ভোট।

খুলনা–৬ আসনে জামায়াতের আবুল কালাম আজাদ ১ লাখ ৫০ হাজার ৭২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনিরুল হাসান বাপ্পি পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭১০ ভোট।