ভালোবাসা দিবসে খুলনার ফুলবাজারে রঙিন জোয়ার
মাসুদ আল হাসান :
আজ বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে খুলনার ফরাজীপাড়া ফুল মার্কেট এখন উৎসবের রঙে রঙিন। বিকেল গড়াতেই মার্কেটজুড়ে নেমেছে ক্রেতাদের ঢল। আলোকসজ্জায় সজ্জিত দোকানগুলোর সামনে নানা জাতের ফুলের সমারোহ যে-কোনো পথচারীকেও থমকে দাঁড়াতে বাধ্য করছে। কর্মচারীরা ক্রেতাদের ভিড় সামলাতে ব্যস্ত সময় পার করছেন।
এবারের বিশেষ আকর্ষণ চীন থেকে আমদানি করা সাদা গোলাপ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে পিকআপযোগে এসব ফুল বাজারে এসেছে।
প্রতিটি সাদা গোলাপের দাম ধরা হয়েছে ৫০ টাকা। পাশাপাশি ঢাকার সাভার, যশোরের গদখালী ও ঝিনাইদহের কালীগঞ্জ থেকে এসেছে লাল গোলাপ ও ‘লাক্স পিং’ জাতের গোলাপ।
এছাড়া জারবরা, রজনীগন্ধা, গ্লাডিয়াস, গাঁদা, লিলি ও অর্কিডে ভরে উঠেছে দোকানগুলো। ক্যারেট বোঝাই ফুল নামানো ও সাজানোর কাজে কর্মচারীদের ব্যস্ততা চোখে পড়ার মতো।
ফরাজীপাড়া ছাড়াও বয়রা মোড়, নিউমার্কেট, খালিশপুর, দৌলতপুর, খুবি ক্যাম্পাস ও পীর খানজাহান আলী (রঃ) সেতুর প্রবেশদ্বার এলাকায় ফুলের দোকানগুলোতে ছিল উপচে পড়া ভিড়। তরুণ-তরুণী থেকে শুরু করে সব বয়সি নারী-পুরুষ প্রিয়জনের জন্য ফুল কিনতে ভিড় করেছেন।
করোনা-পরবর্তী রাজনৈতিক অস্থিরতা, জুলাইয়ের গণ-অভ্যুত্থান, অতিবৃষ্টি ও শৈত্যপ্রবাহের কারণে দীর্ঘদিন মন্দাভাব ছিল ফুল ব্যবসায়। ১৬ ডিসেম্বর বিজয় দিবস ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়েও প্রত্যাশিত বিক্রি হয়নি। তবে ভালোবাসা দিবস ঘিরে ব্যবসায়ীরা নতুন করে বিনিয়োগ করেছেন।
ফুল মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ নাজমুল হুদা জানান, চীনের সাদা গোলাপের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি। কেনাবেচা জমজমাট, গভীর রাত পর্যন্ত মার্কেট খোলা থাকবে। ক্রেতাদের আকর্ষণের জন্য ক্রাউন, হাতের ব্রেসলেট ও সিঙ্গেল গোলাপ বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীদের আশা, শুক্র ও শনিবার মিলিয়ে প্রায় ২০ লাখ টাকার ফুল বিক্রি হতে পারে। ভালোবাসার দিনে ফুলের এই বর্ণিল আয়োজন খুলনার ফুলবাজারে ফিরিয়ে এনেছে প্রাণচাঞ্চল্য ও আশার আলো।