সংবাদ শিরোনাম

কেসিসি’র স্বাস্থ্য প্রকল্পে সমঝোতা স্মারক স্বাক্ষর

 প্রকাশ: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন   |   খুলনা

কেসিসি’র স্বাস্থ্য প্রকল্পে সমঝোতা স্মারক স্বাক্ষর

খুলনা ব্যুরো :

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) তত্ত্বাবধানে পরিচালিত “আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট (২য় পর্যায়)” এর কার্যক্রম অব্যাহত রাখতে কেসিসি ও দুইটি পার্টনার এনজিও—এ্যাডামস ও বাপসা’র মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

সোমবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি প্রশাসক মো: মোখতার আহমেদ। তাঁর উপস্থিতিতে কেসিসি’র পক্ষে মো: মোখতার আহমেদ, এ্যাডামস-এর পক্ষে নির্বাহী পরিচালক এস এম আলী আসলাম এবং বাপসা’র পক্ষে নির্বাহী পরিচালক আলতাপ হোসেন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। চুক্তিটি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

অনুষ্ঠানে প্রশাসক বলেন, প্রকল্প বাস্তবায়নে অন্যান্য নগরীর তুলনায় খুলনা ভালো অবস্থানে রয়েছে। সেবামূলক এ কার্যক্রমের পরিধি আরও সম্প্রসারণ এবং বিশেষ করে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সমঝোতা স্মারকের শর্তাবলি অনুযায়ী উভয় সংস্থা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদসহ কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং এ্যাডামস ও বাপসা’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম।

উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগ, কেসিসি ও পার্টনার এনজিওসমূহের যৌথ অর্থায়নে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। নগরীর এরিয়া-১ এ এ্যাডামস এবং এরিয়া-২ এ বাপসা মাঠ পর্যায়ে প্রকল্প বাস্তবায়ন করছে।