সংবাদ শিরোনাম

খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা ও ধাক্কাধাক্কির ঘটনায় বিএনপি নেতার মৃত্যু

 প্রকাশ: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা ও ধাক্কাধাক্কির ঘটনায় বিএনপি নেতার মৃত্যু

মাসুদ আল হাসান, খুলনা :

খুলনা-২ আসনের আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা ও ধাক্কাধাক্কির ঘটনায় এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মহিবুজ্জামান (মহিফুজ্জামান) কচি খুলনা মহানগর বিএনপির সাবেক দফতর সম্পাদক ছিলেন। দলীয় সূত্র জানায়, ভোটগ্রহণ শুরুর সময় কেন্দ্রে প্রচারণা নিয়ে প্রতিবাদ করলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিএনপির নেতারা অভিযোগ করেন, কেন্দ্রের ভেতরে প্রচারণা চলছিল এবং বাধা দিলে কচিকে ধাক্কা দেওয়া হয়। তবে জামায়াতের পক্ষ থেকে ধাক্কার অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, নারী কর্মীদের কেন্দ্র থেকে বের করে দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় এবং তিনি অসুস্থ হয়ে পড়েন।

খুলনা সদর থানার ওসি কবির হোসেন বলেন, সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এ সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ওই নেতা মারা যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।