সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি স্বর্ণ আত্মসাতের অভিযোগে পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

 প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি স্বর্ণ আত্মসাতের অভিযোগে পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে অভিযানের নামে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৪০ ভরি স্বর্ণ নিয়ে আত্মসাতের অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে জেলার সদর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পুলিশ কনস্টেবল জাকির হোসেন ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলমপুর এলাকার মোহাম্মদ আলী। জাকির হোসেন সদর পুলিশ ফাঁড়ির অধীনে অফিসার্স মেসে কর্মরত ছিলেন। অভিযোগ ওঠার পর তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তার বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেবীপুর গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট বিকেল ৩টার দিকে সদর উপজেলার কালীনগর এলাকায় অভিযানের নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৪০ ভরি গলানো স্বর্ণ নিয়ে আত্মসাতের অভিযোগ ওঠে জাকির হোসেন, মোহাম্মদ আলীসহ আরও একজনের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার সদর থানায় তিনজনকে আসামি করে মামলা করেন স্বর্ণের মালিক ও রাজশাহীর ব্যবসায়ী নিঝুম।

মামলা দায়েরের পরই অভিযান চালিয়ে জাকির হোসেন ও মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোহাম্মদ আলীর কাছ থেকে সাড়ে ২০ ভরি স্বর্ণ উদ্ধার করেছে পুলিশ। বাকি স্বর্ণ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের একাধিক সূত্রের দাবি, রাজশাহী থেকে ৪০ ভরি গলানো স্বর্ণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় নেওয়া হচ্ছিল। স্বর্ণগুলো সীমান্তপথে ভারতে পাচারের উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একজনের কাছ থেকে সাড়ে ২০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিকেও গ্রেপ্তার এবং বাকি স্বর্ণ উদ্ধারে পুলিশ কাজ করছে।