সংবাদ শিরোনাম

নাচোলে জামায়াতে ইসলামী পৌর যুব বিভাগের বর্ণাঢ্য ‘যুব সমাবেশ–২০২৬’ অনুষ্ঠিত: মাদকমুক্ত সমাজ ও আইটি শিক্ষায় জোর

 প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন   |   রাজশাহী

নাচোলে জামায়াতে ইসলামী পৌর যুব বিভাগের বর্ণাঢ্য ‘যুব সমাবেশ–২০২৬’ অনুষ্ঠিত: মাদকমুক্ত সমাজ ও আইটি শিক্ষায় জোর

​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ):

বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভা যুব বিভাগের উদ্যোগে নানা আনুষ্ঠানিকতা, উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী ‘যুব সমাবেশ–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নাচোলের নান্দনিক পর্যটন কেন্দ্র দামুস বিল (I ❤️ NACHOLE) প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে এলাকার শতাধিক যুবকের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন প্রানবন্ত রূপ নেয়।

​শনিবার ১২ সেপ্টেম্বর দিনব্যাপী সমাবেশে সভাপতির বক্তব্যে নাচোল পৌরসভা যুব বিভাগের সভাপতি মোঃ রায়হান আলী যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও এলাকার উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মানিত নায়েবে আমীর অ্যাডভোকেট মোঃ শফিক এনায়েত উল্লাহ। তিনি তাঁর বক্তব্যে বলেন, "আজকের যুবসমাজই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশের কান্ডারি। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তরুণদের আধুনিক কম্পিউটার ও আইটি শিক্ষায় শিক্ষিত হতে হবে। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারলে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তারা নিজেদের ও দেশের অর্থনৈতিক ভিত মজবুত করতে পারবে।"

​বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভার সম্মানিত আমীর ও মেয়র পদপ্রার্থী মোঃ মনিরুল ইসলাম বলেন, "নাচোলকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও গতিশীল পৌরসভা হিসেবে গড়ে তুলতে তরুণদের সুসংগঠিত হওয়ার কোনো বিকল্প নেই। সমাজ থেকে মাদক, দুর্নীতি, ঘুষ ও সব ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড রুখে দাঁড়াতে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।"

​সমাবেশে বিশেষ আমন্ত্রণে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের নায়েবে আমীর ডাঃ মোঃ রফিকুল ইসলাম এবং পৌর জামায়াতের সেক্রেটারি মোঃ খলিলুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও স্থানীয় নেতৃবৃন্দ।

​দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে যুবকদের মানসিক ও শারীরিক উৎকর্ষ সাধনে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একটি আকর্ষণীয় প্রীতি বনভোজনের আয়োজন করা হয়। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী যুবকদের মাঝে মূলক পুরস্কার বিতরণ করা হয়। যুবকদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক দায়বদ্ধতা, সুদৃঢ় ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে সফলভাবে সমাপ্ত হয় যুব সমাবেশ।