আকস্মিক পরিদর্শনে নওগাঁ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসা সেবার মান নিয়ে রোগীরা সন্তুষ্টির কথা জানালেন মন্ত্রীকে
নওগাঁ, ৯ ভাদ্র (২৪ আগস্ট):
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন গতকাল নওগাঁ সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেন।
পরিদর্শনের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের বলেন, আমি হাসপাতাল ঘুরে দেখেছি। কোনো জায়গা থেকে কোনো খারাপ রিপোর্ট পাইনি। রোগীরা জানিয়েছেন, আমরা দায়িত্ব নেওয়ার পর তারা ভালো সেবা পাচ্ছেন, ওষুধ পাচ্ছেন। ডাক্তার-নার্সদের ব্যবহার ভালো এবং খাবার-দাবারের মানও ভালো। তিনি বলেন, হাসপাতালের খাবারের মান আরও উন্নত করার জন্য উদ্যোগ নিয়েছি। কিছুদিনের মধ্যেই এটি বাস্তবায়ন করা হবে।
চিকিৎসাসেবাকে পাঁচস্তরে ভাগ করা হবে বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী। এর অংশ হিসেবে প্রতি তিনটি ইউনিয়নে একটি হেলথ হাব এবং ইউনিয়ন পর্যায়ে তিনটি ওয়ার্ড নিয়ে একটি করে ‘হেলথ ওয়েলবিয়িং সেন্টার’ স্থাপন করার পরিকল্পনা নেয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিকেল কলেজ হাসপাতালে আমরা ৫০ শয্যার এবং জেলা সদর হাসপাতালের জন্য ১০ শয্যা করে ডায়ালাইসিস সেন্টার স্থাপন করতে যাচ্ছি। যাতে টারশিয়ারি লেভেলে রোগীদের ঢাকায় যেতে না হয়। ডিস্ট্রিক্ট লেভেলে ডায়ালাইসিস মেশিন থাকবে।
তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে আমরা ৫০ থেকে প্রথমে ১০১ শয্যা ঘোষণা করেছিলাম। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ১০১ থেকে ১৫১ শয্যা বিশিষ্ট করার কাজ শুরু করেছি।
হাসপাতালে কোনো অনিয়ম দেখেছেন কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি জায়গায় অনিয়ম পেয়েছি। হাসপাতালে স্যালাইন থাকা সত্ত্বেও একজন সিনিয়র নার্স রোগীকে বাইরে থেকে স্যালাইন কিনতে বলেছেন। টাকাটা আমি রোগীকে দিয়ে দিয়েছি।
পরে স্বাস্থ্যমন্ত্রী জয়পুরহাট জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন।