গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

 প্রকাশ: ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন   |   জাতীয়

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক:

সাংবাদিক ও গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপ না করে স্বাধীন ও দায়িত্বশীলভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।

রোববার সচিবালয়ে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ দপ্তরে গিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

সকাল ৮টা ২০ মিনিটে সচিবালয়ে পৌঁছান তথ্যমন্ত্রী। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাকে শুভেচ্ছা জানান। পরে সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের সম্মেলনকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। অনুষ্ঠানের শুরুতে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।

মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, সরকারের ইতিবাচক উদ্যোগ ও কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক আরও দৃঢ় করতে হবে। একই সঙ্গে দেশের সংস্কৃতি, মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে যথাযথ গুরুত্ব দিয়ে মন্ত্রণালয়কে দায়িত্ব পালন করতে হবে।

আন্দালিভ রহমান পার্থ বলেন, বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ও কঠিন সময়ে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের স্বার্থে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে ভুল-ত্রুটি হতে পারে, তবে নৈতিকতার প্রশ্নে সরকার কোনো ধরনের আপস করবে না।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছে দেশের মানুষের সেবা করা এবং জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। গত ১৭ বছরে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলন-সংগ্রাম হয়েছে, তাতে সাংবাদিক ও সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

মন্ত্রী আরও বলেন, বিভিন্ন সময় নানা ধরনের চাপ ও নিয়ন্ত্রণের মধ্যেও গণমাধ্যমের মাধ্যমে সরকারের ব্যর্থতা, অনিয়ম, নির্যাতন এবং গণতান্ত্রিক অধিকার সংকুচিত হওয়ার বিভিন্ন তথ্য মানুষের সামনে এসেছে। ফলে জুলাইয়ের আন্দোলনেও সাংবাদিক ও গণমাধ্যমের ভূমিকা কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই।

গণমাধ্যম নিয়ন্ত্রণের বিষয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সতর্ক করে তিনি বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মূল দায়িত্ব গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা নয়। প্রয়োজন হলে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করাই মন্ত্রণালয়ের কাজ। কোনো পরিস্থিতিতেই যেন অযাচিত নিয়ন্ত্রণের পথে যাওয়া না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, গত ১৭ বছরে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবস্থায় যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে নতুন কাঠামো দাঁড় করাতে সময় প্রয়োজন। বিচার বিভাগ, রাজনীতি, সংসদসহ সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে যে নৈতিক অবক্ষয় তৈরি হয়েছে, তা দূর করতে হবে। পাশাপাশি অতীতের ভুল যেন ভবিষ্যতে আবারও ফিরে না আসে, সেটিও নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ে তোলার যে প্রত্যাশা তৈরি হয়েছে, সেটিকে সামনে রেখেই সবাইকে দায়িত্ব পালন করতে হবে। জনগণের স্বার্থ রক্ষা, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং কার্যকর নতুন ব্যবস্থা গড়ে তোলার বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে হবে। সিদ্ধান্ত গ্রহণের সময় সরকারের কোনো কর্মকাণ্ডের মাধ্যমে যেন মানুষের প্রতি অন্যায় না হয়, সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে।

মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অভিজ্ঞতার প্রতি আস্থা প্রকাশ করে আন্দালিভ রহমান পার্থ বলেন, নিজ নিজ ক্ষেত্রে কর্মকর্তারা তার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ ও দক্ষ। তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগিয়ে তিনি সম্মিলিতভাবে কাজ করতে চান।

তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা, দক্ষতা ও অভিজ্ঞতার সমন্বয়ের মাধ্যমেই মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও গতিশীল করা সম্ভব।