৫ আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর

 প্রকাশ: ০১ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন   |   জাতীয়

৫ আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর

অনলাইন ডেস্ক:

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও ইতিহাস সংরক্ষণের লক্ষ্যে নির্মিত জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামী বুধবার (৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির উদ্বোধন করবেন।

শনিবার (১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রত্নতত্ত্ব ও জাদুঘর) দীপংকর বিশ্বাস।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাদুঘর উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর সময় চেয়ে আগে থেকেই প্রস্তাব পাঠানো হয়েছিল। সম্প্রতি ৫ আগস্ট উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর সময়সূচি চূড়ান্ত হয়।

উদ্বোধনের পরপরই সাধারণ দর্শনার্থীদের জন্য জাদুঘরটি খুলে দেওয়া হবে। সেখানে জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ও স্মৃতি ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে।

জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে আন্দোলনের সময়কার বিভিন্ন আলোকচিত্র, ভিডিওচিত্র, গুরুত্বপূর্ণ দলিল-দস্তাবেজ, শহীদদের ব্যবহৃত ও স্মৃতিবিজড়িত বিভিন্ন নিদর্শন। একই সঙ্গে আন্দোলনের প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যও রাখা হয়েছে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ ও তাৎপর্য তুলে ধরা যায়।

শুধু দর্শনার্থীদের জন্য প্রদর্শনীর ব্যবস্থা নয়, শিক্ষার্থী ও গবেষকদের জন্যও জাদুঘরটিকে তথ্য ও গবেষণার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিহাসে আগ্রহীদের জন্য বিশেষ কর্মসূচি আয়োজনের পাশাপাশি জাদুঘর পরিদর্শনে গাইডেড ট্যুরের ব্যবস্থাও থাকবে।

এ ছাড়া দর্শনার্থীদের সুবিধার কথা বিবেচনায় রেখে অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থাও রাখা হচ্ছে বলে জানিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।

জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাবলি, আত্মত্যাগ ও ঐতিহাসিক দলিল সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে এ সময়ের ইতিহাস তুলে ধরতেই এই জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Advertisement
Advertisement
Advertisement