যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

 প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন   |   জাতীয়

যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক উলাশী-যদুনাথপুর খাল পুনঃখননের উদ্বোধন ও একাধিক উন্নয়ন প্রকল্পে অংশ নিতে যশোর সফরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকাল সোয়া ১০টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে যশোর বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ স্বাগত জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

পৌঁছানোর পরপরই প্রধানমন্ত্রী সড়কপথে শার্শা উপজেলার উলাশীর উদ্দেশে রওনা হন। এটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তারেক রহমানের যশোরে প্রথম সরকারি সফর। তবে গত তিন মাসের মধ্যে এটি তাঁর দ্বিতীয় সফর; এর আগে ২ ফেব্রুয়ারি নির্বাচনী জনসভায় যোগ দিয়েছিলেন তিনি।

আজকের কর্মসূচি বিস্তারিত:


বেলা সাড়ে ১১টা: শার্শা উপজেলার উলাশীতে উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এই ঐতিহাসিক খাল পুনঃখননের মাধ্যমে স্থানীয় কৃষি, সেচ ও জলাভূমি ব্যবস্থাপনায় নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানের পর সেখানে আয়োজিত সুধী সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

দুপুর সোয়া ১টা: যশোর শহরে বহুল প্রতীক্ষিত ৫০০ শয্যাবিশিষ্ট যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল-এর ভিত্তিপ্রস্তর স্থাপন। যশোর মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার প্রায় দেড় দশক পর নিজস্ব হাসপাতাল পাচ্ছে, যা শিক্ষার্থীদের ক্লিনিক্যাল শিক্ষা, ইন্টার্নশিপ ও স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবায় বড় অগ্রগতি আনবে।

বেলা দেড়টা: যশোরের পৌনে দুইশ বছরের প্রাচীন যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন। এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত।

বিকেল সাড়ে ৩টা: সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ ও সংক্ষিপ্ত বিশ্রামের পর যশোর ঈদগাহ ময়দানে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।


প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে গোটা যশোর জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সফর শেষে আজ রাত ৮টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে যশোর ত্যাগ করার কথা রয়েছে তাঁর।

স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে এই সফর নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন, খাল পুনঃখনন, মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর ও ঐতিহ্য সংরক্ষণের মতো পদক্ষেপ যশোরের দীর্ঘদিনের উন্নয়ন অভাব পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Advertisement
Advertisement
Advertisement