ব্রাজিলের পারানায় মাইক্রোবাস–ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২৩
শাহনুর রুমেন | পারানা (ব্রাজিল)
ব্রাজিলের পারানা অঙ্গরাজ্যে একটি মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) ভোরে পারানা অঙ্গরাজ্যের ইপিরাঙ্গা এলাকার BR-373 মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ব্রাজিলের ফেডারেল হাইওয়ে পুলিশ (PRF) জানিয়েছে, মাইক্রোবাসটি ইমবিতুভা শহরের স্বাস্থ্য বিভাগের অধীনে পরিচালিত হচ্ছিল। এতে রোগী ও তাদের স্বজনরা চিকিৎসার জন্য ইমবিতুভা থেকে কুরিতিবার আশপাশের হাসপাতালের উদ্দেশে যাচ্ছিলেন।
প্রাথমিক তদন্ত অনুযায়ী, ট্রাকটি বিপরীত লেনে ঢুকে পড়ার পর মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ঘটনাস্থলে ব্যাপক উদ্ধার তৎপরতা শুরু হয়।
দুর্ঘটনায় মাইক্রোবাসের ২২ জন যাত্রী এবং ট্রাকের চালকসহ মোট ২৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
আহত পাঁচজনকে উদ্ধার করে পারানার পন্তা গ্রোসা এলাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর BR-373 মহাসড়কের সংশ্লিষ্ট অংশে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। পুলিশ, ফায়ার সার্ভিস, জরুরি চিকিৎসা দল এবং ফরেনসিক কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও তদন্ত কার্যক্রম পরিচালনা করেন।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ট্রাকের বিপরীত লেনে চলে যাওয়ার বিষয়টি সামনে এলেও দুর্ঘটনার পূর্ণাঙ্গ কারণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করা হয়নি।
মর্মান্তিক এই দুর্ঘটনায় ইমবিতুভা ও পারানার বিভিন্ন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারকে সহায়তা ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।