সংবাদ শিরোনাম

কলম্বিয়ার শপথে সন্ত্রাসী হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদার

 প্রকাশ: ০৬ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

কলম্বিয়ার শপথে সন্ত্রাসী হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদার

আন্তর্জাতিক ডেস্ক:

নবনির্বাচিত প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়ার শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কা প্রকাশ করেছে কলম্বিয়া সরকার। এ পরিস্থিতিতে অনুষ্ঠানের নিরাপত্তায় ব্যাপক সেনা মোতায়েনসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিদায়ী প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ বুধবার স্থানীয় রেডিও স্টেশন লা এফএম–কে বলেন, শুক্রবারের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি সম্ভাব্য হুমকির বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলো নজরদারি চালাচ্ছে।

তিনি বলেন, “সবচেয়ে বড় আশঙ্কা হলো, সন্ত্রাসী গোষ্ঠীগুলো গণতান্ত্রিক এই অনুষ্ঠানকে লক্ষ্য করে হামলার মাধ্যমে তা বিঘ্নিত করার চেষ্টা করতে পারে।”

এবারের শপথ গ্রহণ অনুষ্ঠান রাজধানী বোগোতার পরিবর্তে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর কালিতে অনুষ্ঠিত হবে। সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর ধারাবাহিক হামলার ঘটনা ঘটেছে।

৪৮ বছর বয়সী আবেলার্দো দে লা এসপ্রিয়া গত জুনে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় অল্প ব্যবধানে বিজয়ী হন। তাঁর অনুরোধেই জাতীয় কংগ্রেস রাজধানীর পরিবর্তে দেশের তৃতীয় বৃহত্তম শহর কালিতে শপথ অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেয়। তবে শহরটি বিদ্রোহী গোষ্ঠীর প্রভাবাধীন এলাকার কাছাকাছি হওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

শপথ অনুষ্ঠানে আর্জেন্টিনা, প্যারাগুয়ে, চিলি ও ইকুয়েডরের প্রেসিডেন্টদের পাশাপাশি স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপের উপস্থিত থাকার কথা রয়েছে।

অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১১ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে কালি ও আশপাশের এলাকায় ড্রোন উড্ডয়নের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। কারণ অতীতে বিদ্রোহী গোষ্ঠীগুলো ড্রোন ব্যবহার করে বিস্ফোরক নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে।

কালির পাশের কওকা বিভাগে কলম্বিয়ার বিদ্রোহী সংগঠন ফার্কের ভিন্নমতাবলম্বী একটি অংশ সক্রিয় রয়েছে। গোষ্ঠীটির নেতৃত্বে রয়েছেন ইভান মোরদিসকো, যিনি বর্তমানে দেশের সবচেয়ে বেশি ওয়ান্টেড বিদ্রোহী নেতা হিসেবে পরিচিত।

কট্টর ডানপন্থী নেতা দে লা এসপ্রিয়া নির্বাচনী প্রচারণায় বিদায়ী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ‘টোটাল পিস’ বা সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে শান্তি আলোচনার নীতি বাতিল করার অঙ্গীকার করেছিলেন।

অন্যদিকে প্রেসিডেন্ট পেত্রো নির্বাচনের ফলাফল নিয়ে আপত্তি জানিয়েছেন এবং শুক্রবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন না বলে ঘোষণা দিয়েছেন।

সূত্র: আলজাজিরা

Advertisement
Advertisement
Advertisement