সংবাদ শিরোনাম

বাংলাদেশের মানুষের ভালোবাসায় মুগ্ধতার পাশাপাশি ব্যবস্থাপনায় হতাশ ব্রাজিলের তরুণ গোলকিপার

 প্রকাশ: ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন   |   মাঠে ময়দানে In the field

বাংলাদেশের মানুষের ভালোবাসায় মুগ্ধতার পাশাপাশি ব্যবস্থাপনায় হতাশ ব্রাজিলের তরুণ গোলকিপার

শাহানুর রুমেন, ব্রাজিল প্রতিনিধি:

ব্রাজিলের ফুটবল শুধু একটি খেলা নয়, এটি একটি আবেগও। এ আবেগ শুধু ব্রাজিলেই সীমাবদ্ধ নয়। গত বছর বাংলাদেশ সফরে গিয়ে সে কথাই নতুন করে উপলব্ধি করেছেন সাও বের্নার্দো দো কাম্পোর          অনূর্ধ্ব-২০ দলের ব্রাজিলের তরুণ গোলকিপার ড্যানিয়েল। তবে সেই মুগ্ধতার মাঝেই ছিল কিছু তিক্ত অভিজ্ঞতা, যা আজও তাঁকে ভাবায়।

ব্রাজিলের ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার বিষয়ে তিনি বলেন, এটা অবিশ্বাস্য যে, ব্রাজিলের খেলোয়াড়দের নাম, ক্লাব ও ইতিহাস অনেকেই খুব ভালো ভাবে জানে। মনে হতো কেউ কেউ আমাদের থেকেও বেশি আবেগ নিয়ে কথা বলেছে। বাংলাদেশে ব্রাজিলের ফুটবল শুধু খেলা নয়, এটা মানুষের জীবনেরও একটা অংশ।

‘প্রতিদিনের দেশ’ ব্রাজিল প্রতিনিধি বাংলাদেশ সফরের অভিজ্ঞতার বিষয়ে জানতে চাইলে ব্রাজিলের তরুণ গোলকিপার বলেন, ব্রাজিলের ফুটবলকে আমাদের দেশের বাইরে যে, এতো মানুষ ভালোবাসে তা দেখে আমি সত্যি খুব অবাক হয়েছি। যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। আমাদের দেখে রাস্তার মানুষগুলো অতি আগ্রহের সাথে কথা বলার চেষ্টার পাশাপাশি ব্রাজিলের জার্সি পরে ছবি তুলেছে-এ ভালোবাসা আমাকে সত্যিই ছুঁয়ে গেছে।

বাংলাদেশের মানুষের সঙ্গে যোগাযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশের মানুষ খুব আন্তরিক ও অতিথিপরায়ণ। আমরা তাদের মুখের ভাষা পুরোপুরি না বুঝলেও চোখের ভাষায় অনেক কিছু বুঝতে পারায় মনে হত আমরা যেন অনেকদিনের পরিচিত কেউ। এদিক থেকে বাংলাদেশ আমাকে মুগ্ধ করেছে।

আয়োজক কমিটির বিষয়ে জানতে চাইলে ড্যানিয়েল দুঃখ প্রকাশ করে বলেন, সত্য বলতে এ  জায়গাটায় আমাদের অভিজ্ঞতা ভালো ছিল না। কিছু কিছু ক্ষেত্রে আয়োজকদের আচরণ ছিল অপ্রত্যাশিত ও অপ্রফেশনাল। যোগাযোগের অভাব ও প্রতিশ্রুতি রক্ষা না করা এ বিষয়গুলো আমাদের কষ্ট দিয়েছে।

 ভবিষ্যতে আবার বাংলাদেশ সফরের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ সফর অনেক আনন্দের, অবশ্যই আসব। আয়োজন যদি আরো পেশাদার ও দায়িত্বশীল হয় বাংলাদেশ এমন একটি জায়গা হতে পারে যেখানে আন্তর্জাতিক ফুটবল আরো বড়ভাবে বিকশিত হবে।

ব্রাজিলের তরুণ গোলকিপার ড্যানিয়েল আরো বলেন, বাংলাদেশ আমাকে শিখিয়েছে ফুটবল কোনো ভাষা ও সীমান্ত মানে না। এ ভালোবাসাকে সম্মান জানাতে হলে আয়োজনের দায়িত্বে থাকা মানুষদেরও সেই মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।