সংবাদ শিরোনাম

বরিশালকে মাদকমুক্ত ও শান্তিপূর্ণ নগরীতে রূপান্তর করা হবে - ফয়জুল করীম

 প্রকাশ: ৩০ জানুয়ারী ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন   |   বরিশাল

বরিশালকে মাদকমুক্ত ও শান্তিপূর্ণ নগরীতে রূপান্তর করা হবে - ফয়জুল করীম

প্রতিদিনের দেশ ডেস্ক:

বরিশালকে মাদকমুক্ত ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন বরিশাল-৫ আসনে হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী মুফতী ফয়জুল করীম। তিনি বলেছেন, ক্ষমতার রাজনীতি নয়—আমানতদার ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমেই একটি সুস্থ সমাজ উপহার দেওয়া সম্ভব।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে নগরীর রুপাতলী এলাকায় জনসংযোগ ও পথসভা শেষে বক্তব্যে তিনি বলেন, মাদকের ভয়াল আগ্রাসনে আজ যুবসমাজ ধ্বংসের মুখে। এ অবস্থা থেকে উত্তরণে শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। রাষ্ট্রীয় সদিচ্ছা ও নৈতিক নেতৃত্ব থাকলে বরিশালকে অবশ্যই মাদকমুক্ত করা যাবে বলেও মন্তব্য করেন তিনি।

মুফতী ফয়জুল করীম বলেন, মাদকের পেছনে থাকা গডফাদার, চোরাকারবারি ও সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো আপস করা হবে না। একই সঙ্গে যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, নৈতিক শিক্ষা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদারের মাধ্যমে তাদের সুস্থ ধারায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, হাতপাখা প্রতীক ন্যায়, ইনসাফ ও দুর্নীতিমুক্ত রাজনীতির প্রতীক।

জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে বরিশালকে নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত নগরীতে রূপান্তর করা হবে।

পথসভায় স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থকসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।