মেয়েদের স্বাবলম্বী করতে নারী শিক্ষাকে এগিয়ে নিতে হবে ; কেসিসি প্রশাসক
খুলনা ব্যুরো :
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, নারী শিক্ষার প্রসারের মাধ্যমে মেয়েদের স্বাবলম্বী ও মর্যাদাশীল করে গড়ে তুলতে হবে। খুলনায় নারী শিক্ষাকে এমন পর্যায়ে নিতে হবে, যাতে মেয়েরা নিজেদের যোগ্যতায় প্রতিষ্ঠিত হয়ে দেশের কল্যাণে ভূমিকা রাখতে পারেন।
১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে কেসিসি পরিচালিত খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, শিক্ষার্থীদের যথাযথ পাঠদান ও ভালো ফলাফল অর্জন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য। শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হওয়া প্রতিষ্ঠানের জন্য বড় অর্জন। এ সাফল্য খালিশপুর অঞ্চলে শিক্ষার ক্ষেত্রে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে।
কেসিসি পরিচালিত স্কুল ও মাদ্রাসাগুলোতে নারী শিক্ষার প্রসারের বিষয়টি গুরুত্ব দিয়ে আন্তরিকতার সঙ্গে পাঠদান করার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি নিজেদের যোগ্যতা ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন।
প্রশাসক বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ দুই পক্ষের মধ্যে নিয়মিত যোগাযোগ থাকা প্রয়োজন। এ জন্য শিক্ষক ও অভিভাবকদের নিয়ে নিয়মিত সভা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, নিজেদের প্রতিষ্ঠিত করে দেশের কল্যাণে কাজ করতে হবে।
বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপরও গুরুত্ব দেন কেসিসি প্রশাসক। প্রতি শনিবার নিজেদের উদ্যোগে বিদ্যালয় ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার জন্য স্কুল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
বিদ্যালয়ের অধ্যক্ষ মো. শহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেসিসির শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা মো. আব্দুস সালাম ফারাজী, স্থানীয় সমাজসেবক নিজাম উর রহমান লালু, এইচ এম আবু সালেক, কাজী শফিকুল ইসলাম, স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুর রহমান রিপন, কেসিসির সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামানসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও ফুল তুলে দেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।