খুলনা সিটির ৩১ টি ওয়ার্ডে ডেঙ্গুর লার্ভা নিধন অভিযান শুরু
ছবি-সংগৃহীতখুলনা ব্যুরো :
খুলনা মহানগরীতে ডেঙ্গু জ্বরের সংক্রমণ প্রতিরোধে ৩১টি ওয়ার্ডে একযোগে মশার লার্ভা নিধন অভিযান শুরু করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নগরীর টুটপাড়া কবরস্থান মোড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
উদ্বোধনকালে নজরুল ইসলাম মঞ্জু বলেন, মহানগরীতে ডেঙ্গুর প্রকোপ জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় কেসিসি সর্বশক্তি দিয়ে কাজ করছে। শুধু ওষুধ ছিটিয়ে মশা নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও এডিস মশার বংশবিস্তার পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। এ জন্য মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
তিনি বলেন, ঘরের ভেতর, ছাদ, বারান্দা ও আশপাশে কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, তা নিশ্চিত করতে হবে। পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের পাত্র ও ডাবের খোসাসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
কেসিসি সূত্রে জানা গেছে, লার্ভা নিধন অভিযান জোরদার করতে বিদ্যমান জনবলের পাশাপাশি নগরীর ৩১টি ওয়ার্ডে অতিরিক্ত পাঁচজন করে স্প্রেম্যান নিয়োগ করা হয়েছে। পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিটি ওয়ার্ডের ড্রেন, জলাবদ্ধ স্থান এবং বাড়ির অভ্যন্তরের ড্রেনে ওষুধ ছিটিয়ে মশার লার্ভা ধ্বংস করবেন।
মঙ্গলবার থেকে শুরু হওয়া এ কার্যক্রম পুরো সেপ্টেম্বর মাসজুড়ে চলবে। ডেঙ্গুর সংক্রমণ প্রতিরোধে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে কেসিসি।
অনুষ্ঠানে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মো. রেজা রশিদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, বাজার কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদার, সাবেক কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন বনি, সমাজসেবক ইউসুফ হারুন মজনু ও মো. ইসহাক তালুকদারসহ কেসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচি সফল করতে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের নিরলসভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন কেসিসির প্রশাসক।