সংবাদ শিরোনাম

ঈদ উল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে ১৭–২৬ মার্চ কুয়েট বন্ধ

 প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন   |   খুলনা

ঈদ উল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে ১৭–২৬ মার্চ কুয়েট বন্ধ

খুলনা ব্যুরো :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পবিত্র শব-ই-কদর, জুমাতুল বিদা, পবিত্র ঈদ-উল-ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামী ১৭ মার্চ থেকে ২৬ মার্চ ২০২৬ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ছুটির সময়েও নিরাপত্তা শাখা, প্রধান প্রকৌশলীর কার্যালয়ের আওতাধীন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, জরুরি প্লাম্বিং ও বৈদ্যুতিক মেরামত সেবা এবং মেডিকেল সেন্টার খোলা থাকবে।

এদিকে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রশাসনিক ভবন, উপাচার্যের বাসভবন এবং সকল আবাসিক হলে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ১০টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের ২০১ নম্বর কক্ষে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সকাল ১১টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের পর ক্যাম্পাসের মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘দুর্বার বাংলা’র পাদদেশে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে। পরে সকাল ১১টা ১৫ মিনিটে স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা এবং সকাল ১১টা ৩০ মিনিটে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

এ ছাড়া বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২৬ মার্চের কর্মসূচিতে সংশ্লিষ্ট সকলকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে।