সংবাদ শিরোনাম

খুলনায় প্রকাশ্য দিবালোকে ইন্টারনেট ব্যবসায়ীকে গুলি করে হত্যা

 প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় প্রকাশ্য দিবালোকে ইন্টারনেট ব্যবসায়ীকে গুলি করে হত্যা

খুলনা ব্যুরো :

খুলনা নগরীর ব্যস্ত এলাকায় প্রকাশ্যে গুলিতে নিহত হয়েছেন শেখ সোহেল (৪৫) নামের এক ব্যবসায়ী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৫ মিনিটের দিকে খানজাহান আলী থানা এলাকার আফিল গেট পেট্রোল পাম্প সংলগ্ন একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর আড়াইটার দিকে ব্যক্তিগত মোটরসাইকেল মেরামতের জন্য বিসমিল্লাহ মোটর গ্যারেজে যান সোহেল। বিকেলে একটি মোটরসাইকেলে করে আসা দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ সোহেল ঘটনাস্থলেই মারা যান।নিহত সোহেল মাছের ঘের ও ইন্টারনেট ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সানওয়ার হুসাইন মাসুম জানান, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত কার্যক্রম শুরু করেছে।