শ্যামনগরে তিন ইটভাটায় ১০ লাখ জরিমানা আদায়
খুলনা ব্যুরো :
শ্যামনগর উপজেলায় অবৈধভাবে জমি থেকে মাটি উত্তোলনের দায়ে তিনটি ইটভাটার মালিককে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার রামজীবনপুর এলাকার মেসার্স আশা ব্রিকস, নাটুয়ারবেড় এলাকার মেসার্স মোস্তফা ব্রিকস এবং ইসমাইলপুর এলাকার মেসার্স এবি ব্রিকস ইট তৈরির জন্য পার্শ্ববর্তী জমি থেকে অনুমতি ছাড়া মাটি উত্তোলন করছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাভিল হোসেন তামীম পৃথকভাবে তিনটি ভাটায় অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পান। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর ৭(ক) ও ১৫(১) ধারায় মেসার্স আশা ব্রিকস ও মেসার্স মোস্তফা ব্রিকসের মালিককে চার লাখ টাকা করে মোট আট লাখ এবং মেসার্স এবি ব্রিকসের মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, সাতক্ষীরার সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র ।