ঝাড়ু হাতে এমপির মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি
খুলনা ব্যুরো :
বাগেরহাটের মোরেলগঞ্জে ঝাড়ু হাতে সড়ক, হাসপাতাল ও গুরুত্বপূর্ণ স্থান পরিষ্কার করে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেছেন বাগেরহাট-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল আলিম। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনের সময় সংসদ সদস্য নিজেই ঝাড়ু দিয়ে ময়লা পরিষ্কার করেন এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে আশপাশের এলাকা পরিচ্ছন্ন করেন। মোরেলগঞ্জ পৌরসভা, প্রধান বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালিত হয়।
সংসদ সদস্য বলেন, মোরেলগঞ্জ ও শরনখোলা—এই দুই উপজেলায় রমজান মাসজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে।
হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা, হাট-বাজারসহ জনসমাগমস্থলে এ কর্মসূচি অব্যাহত থাকবে। শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সুন্দর রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পৌর আমির মাষ্টার রফিকুল ইসলাম, উপজেলা নায়েবে আমির মাষ্টার মনিরুজ্জামান, শ্রমিক ফেডারেশনের উপজেলা সভাপতি আব্দুল মান্নানসহ বিভিন্ন নেতাকর্মী।
সংসদ সদস্য আরও বলেন, দীর্ঘদিন শহর ময়লা-আবর্জনায় অপরিচ্ছন্ন থাকলেও কেউ এগিয়ে আসে না। তাই নিজ উদ্যোগে এ কার্যক্রম শুরু করেছেন। ভবিষ্যতেও এমন ইতিবাচক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।