সংবাদ শিরোনাম

কুয়েটে যথাযোগ্য মর্যাদায় শহীদ ও আন্তর্জাতিক ভাষাদিবস পালিত

 প্রকাশ: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন   |   খুলনা

কুয়েটে যথাযোগ্য মর্যাদায় শহীদ ও আন্তর্জাতিক ভাষাদিবস পালিত

মাসুদ আল হাসান, খুলনা :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মাতৃভাষার অধিকার আদায়ে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। পরে শিক্ষক সমিতি, বিভিন্ন দপ্তর, আবাসিক হল ও শিক্ষার্থী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রশাসনিক ভবনসহ প্রধান ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে শিক্ষক-কর্মকর্তাদের সন্তানদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ভাইস-চ্যান্সেলর।

সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বক্তারা নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও মাতৃভাষার চেতনা জাগ্রত রাখার আহ্বান জানান। বাদ আসর কেন্দ্রীয় জামে মসজিদে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।