মোংলায় যৌথ অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার
মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :
মোংলায় পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) গভীর রাতে পৌর শহরের মাদ্রাসা রোড এলাকার একটি বাড়িতে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানা পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ওই বাড়িতে ঝটিকা অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে সাফিয়া বেগম (৫৬) নামের এক নারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি স্থানীয় মো. আব্দুর রহিমের স্ত্রী। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৮ বোতল বিদেশি মদ, দুইটি ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৪২ হাজার টাকা এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
মোংলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাফিয়া বেগম দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মোংলা উপজেলাকে মাদকমুক্ত করতে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চালানো হবে।