বরিশালে চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা
প্রতিদিনের দেশ ডেস্ক :
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় চারটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে এসব জরিমানা করা হয়।
১ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা গ্রামে অবস্থিত ইটভাটাগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী আক্তার। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মুজাহিদুল ইসলাম। এ সময় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানে অবৈধভাবে কাঠ পোড়ানো, অনুমোদনহীন করাতকল স্থাপন এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করার অভিযোগে তাজ তাজ ব্রিকসকে ৪ লাখ টাকা, এশিয়া ব্রিকসকে ২ লাখ ৫০ হাজার টাকা, আকন ব্রিকসকে ৫ লাখ টাকা এবং ইসলাম ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ইটভাটাগুলোকে এক সপ্তাহের মধ্যে অবৈধ করাতকল অপসারণ এবং কাঠ পোড়ানো সম্পূর্ণ বন্ধের নির্দেশ দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. মুজাহিদুল ইসলাম জানান, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে অবৈধ ইটভাটা ও দূষণকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।