দৌলতখানে দৃষ্টিপ্রতিবন্ধী ও অসহায় পরিবারের পাশে ইউএনও

মো. ইউসুফ হোসেন বাবলু, দৌলতখান প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

বরিশাল

দৌলতখানে দৃষ্টিপ্রতিবন্ধী ও অসহায় পরিবারের পাশে ইউএনও

ভোলার দৌলতখানে দৃষ্টিপ্রতিবন্ধী ও অসহায় পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। দুটি পরিবারের দৃষ্টি-প্রতিবন্ধী সদস্যদের জন্য আর্থিক সহায়তা ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ি এবং চরপাতা ইউনিয়নের অসহায় পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তা তুলে দেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল মতিন খান।

সহায়তাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—ফজলু, জরিনা, ইব্রাহিম, সালমা, রাবেয়া, রাহিমা, মজনু দেবনাথ, বকুল দেবনাথ ও পিয়া। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী পেয়ে অসহায় পরিবারগুলোর সদস্যদের মুখে হাসি ফুটেছে।

সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাবুবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, সিনিয়র সাংবাদিক কাজী জামাল প্রমুখ।

এ উদ্যোগের মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধী ও অসহায় পরিবারের সদস্যদের দুর্দশা লাঘব এবং তাদের পাশে দাঁড়ানোর মানবিক প্রচেষ্টা তুলে ধরেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, খবর পেয়ে আমরা দৃষ্টিপ্রতিবন্ধী ও অসহায় পরিবারের বাড়িতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে ছুটে যাই। সমাজের দৃষ্টিপ্রতিবন্ধী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এটা আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতে অসহায় মানুষের কল্যাণে আমাদের এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।