দৌলতখানে মাদকবিরোধী অভিযানে মাদককারবারি আটক, চাকু ও নগদ টাকা জব্দ

দৌলতখান (ভোলা) প্রতিনিধিঃ
১০ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

বরিশাল

দৌলতখানে মাদকবিরোধী অভিযানে মাদককারবারি আটক, চাকু ও নগদ টাকা জব্দ আটককৃত মো. রাজিব মাঝি

ভোলার দৌলতখানে মাদকবিরোধী বিশেষ অভিযানে মো. রাজিব মাঝি নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

গত শুক্রবার রাতে উপজেলার চরপাতা ইউনিয়ন পরিষদ ভবনের দক্ষিণ পাশের পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়। আটকের সময় তার কাছ থেকে নগদ ৩৪ হাজার টাকা, একটি মোটরসাইকেল, একটি স্মার্টফোন এবং একটি সুইজগিয়ার চাকু জব্দ করা হয়েছে।

অভিযান পরিচালনার সময় তার কাছে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই অভিযান পরিচালনা করে। পরবর্তীতে আটক যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ডোপ টেস্ট করানো হয়। ডোপ টেস্টের রিপোর্টে তার মাদকাসক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতখান থানা অফিসার ইনচার্জ মো. ফকরুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আটককৃত মো. রাজিব মাঝিকে আদালতে পাঠানো হয়েছে।