তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী
ছবি- সংগ্রহীত (বাসস)
নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া দেখতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার উদ্দেশে স্বর্ণদ্বীপের পথে যাত্রা করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্বর্ণদ্বীপে প্রথমবারের মতো সশস্ত্র বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বয়ে আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী।
মহড়া পরিদর্শনের পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখবেন তিনি। এ সময় অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রমও পর্যবেক্ষণ করবেন প্রধানমন্ত্রী।
বিশেষ এই যৌথ মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, বাংলাদেশ নৌবাহিনীর সোয়াডস এবং বাংলাদেশ বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিচ্ছে।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামেও পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে সামরিক প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
গত এক দশকের বেশি সময়ে স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর একাধিক প্রশিক্ষণ ও সমর মহড়া অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি বিভিন্ন সময়ে নৌ ও বিমানবাহিনীর সদস্যদের অংশগ্রহণে যৌথ অনুশীলনও হয়েছে।
তবে এবারই প্রথম প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্টকে নিয়ে বিশেষ এই যৌথ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। মহড়ার চূড়ান্ত পর্ব সরাসরি পর্যবেক্ষণ করবেন প্রধানমন্ত্রী।
মহড়া ও সংশ্লিষ্ট কার্যক্রম শেষ করে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
তথ্যসূত্র: বাসস