রাফিনিয়া-লোপেজের জোড়া গোলে বার্সার দুর্দান্ত জয়
আন্তর্জাতিক ডেস্ক:
লা লিগায় শিরোপা ধরে রাখার মিশন দারুণভাবে শুরু করেছে বার্সেলোনা। রোববার মৌসুমের প্রথম ম্যাচে এলচেকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। জোড়া গোল করেছেন রাফিনিয়া ও ফেরমিন লোপেজ। অভিষেক ম্যাচেই দুটি গোলে সহায়তা করেছেন অ্যান্থনি গর্ডন।
আগের দিন এস্পানিওলকে ২-১ গোলে হারিয়ে শেষ মুহূর্তে জয় পেয়েছিল জোসে মরিনিওর রিয়াল মাদ্রিদ। তার পরদিন বার্সেলোনার এই বড় জয় শিরোপা ধরে রাখার লড়াইয়ে তাদের অবস্থানও স্পষ্ট করে দিয়েছে।
বিশ্বকাপের পর কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে পুরোপুরি ছন্দে ফেরাতে শুরুতেই বেঞ্চে রেখেছিলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। তবু দুর্বল এলচের বিপক্ষে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে কোনো সমস্যা হয়নি কাতালানদের।
১৪ মিনিটেই এগিয়ে যায় বার্সা। ভিক্টর চুস্ত বক্সের মধ্যে রাফিনিয়াকে ফাউল করলে পেনাল্টি পায় বার্সেলোনা। স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
প্রথমার্ধে এলচে কয়েকবার আক্রমণে উঠলেও বার্সেলোনার রক্ষণভাগ সামলে নেয় পরিস্থিতি। বিশেষ করে এরিক গার্সিয়া ছিলেন সতর্ক। মাঝমাঠে গাভিও নজর কাড়েন, যদিও স্পেনের বিশ্বকাপ জয়ের উদ্যাপনে তাঁর নতুন গোলাপি চুলই অনেকের বেশি নজরে পড়ে।
বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে উঠে আসা করিম আদেয়েমি শুরুতে কিছুটা অস্বস্তিতে থাকলেও ধীরে ধীরে ম্যাচে নিজেকে মেলে ধরেন। রাফিনিয়ার বাড়ানো বল থেকে গোল করে অভিষেকেই নিজের নাম স্কোরশিটে তোলেন তিনি।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ম্যাচের গতি আরও বাড়িয়ে দেন সাবেক নিউক্যাসল উইঙ্গার অ্যান্থনি গর্ডন। বদলি হিসেবে নেমে রাফিনিয়ার দ্বিতীয় গোলের সুযোগ তৈরি করে দেন তিনি। এরপর ফেরমিন লোপেজের গোলেও সহায়তা করেন গর্ডন।
বার্সার চতুর্থ গোলটি আসে লোপেজের পায়ে। এরপর তরুণ জাভি এসপার্টের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে ৫-০ ব্যবধান নিশ্চিত করেন লোপেজ। স্পেনের বিশ্বকাপ দলে চোটের কারণে জায়গা না পাওয়ার হতাশার পর এই ম্যাচে তাঁর জোড়া গোল ছিল দারুণ প্রত্যাবর্তন।
ফ্লিকের হাই-লাইন রক্ষণে অবশ্য মাঝেমধ্যে পরিচিত কিছু দুর্বলতা দেখা গেছে। তবে গোলরক্ষক হোয়ান গার্সিয়া প্রয়োজনের সময় ভালোভাবে সামলে নেন এবং বার্সাকে রাখেন গোলশূন্য।
ম্যাচ শেষে রাফিনিয়া বলেন, ম্যাচ সহজ না কঠিন হবে, তা অনেকটাই নির্ভর করে দলের নিজেদের ওপর। তাঁর মতে, সর্বোচ্চ গতিতে খেলা শুরু করতে পারলে জয়ের সম্ভাবনাও বেড়ে যায়। এলচের বিপক্ষে ম্যাচটি কঠিন হলেও দল নিজেদের কাজ ঠিকঠাক করেছে বলে জানান তিনি।
সূত্র: আলজাজিরা