বিসিবির নির্বাচিত সভাপতি তামিম ইকবাল, সহসভাপতি ফাহিম সিনহা
ক্রীড়া প্রতিনিধি:
বাংলাদেশ ক্রিকেটে শুরু হলো নতুন
অধ্যায়। অ্যাডহক কমিটির প্রধান হিসেবে প্রায় দুই মাস দায়িত্ব পালনের পর এবার
আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত সভাপতি হয়েছেন সাবেক
জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল।
রোববার (৭ জুন) মিরপুর শের-ই-বাংলা
জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয়ে পরিচালনা পর্ষদের নির্বাচন
অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় গণনায় তামিম ইকবাল সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন
বলে জানা গেছে।
যদিও নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল
তখনও ঘোষণা করা হয়নি, বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সভাপতি পদে কোনো
প্রতিদ্বন্দ্বী না থাকায় তামিম ইকবাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর
মাধ্যমে তিনি বিসিবির ইতিহাসে ১৭তম সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।
একই সঙ্গে নির্বাচিত বোর্ড সভাপতিদের
তালিকায় তিনি ষষ্ঠ ব্যক্তি হিসেবে নাম লেখালেন। দেশের ক্রিকেট প্রশাসনে তাঁর এই
নতুন দায়িত্বকে ঘিরে ক্রিকেট অঙ্গনে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।
অন্যদিকে, বোর্ডের সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা। নতুন নেতৃত্বের অধীনে দেশের ক্রিকেটে ইতিবাচক পরিবর্তন ও দীর্ঘমেয়াদি উন্নয়নের আশা করছেন সংশ্লিষ্টরা।