ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি সরাসরি মনিটরিংয়ে স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
দেশের উপজেলা পর্যায়ের স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা নিয়মিত কর্মস্থলে উপস্থিত আছেন কি না, তা এবার ডিজিটাল হাজিরা ব্যবস্থার মাধ্যমে সরাসরি পর্যবেক্ষণ করছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিজ কার্যালয় থেকে অনলাইনে দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিজিটাল হাজিরা পর্যবেক্ষণ করেন তিনি।
এ সময় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী, নরসিংদীর বেলাবো ও রায়পুরা, লালমনিরহাটের আদিতমারী, বান্দরবানের লামা এবং সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতির তথ্য পর্যবেক্ষণ করা হয়।
পর্যবেক্ষণের সময় কয়েকটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের অনুপস্থিতির বিষয়টি নজরে আসে। এ নিয়ে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশও দেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা জরুরি। স্থানীয় মানুষ যেন নিজেদের এলাকার স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান, সে লক্ষ্যেই উপস্থিতি পর্যবেক্ষণ আরও শক্তিশালী করা হবে।
তিনি আরও জানান, এখন থেকে নিজ কার্যালয় থেকেই নিয়মিত দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ডিজিটাল হাজিরা পর্যবেক্ষণ করবেন তিনি।
এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী উপস্থিত ছিলেন।