দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, লক্ষ্য সাড়ে ৪ কোটি
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন আজ বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ সংক্রান্ত্র তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতা করেন -পিআইডি
দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে নিয়োজিত তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে এই তথ্য সংগ্রহ করছেন। আগামী ডিসেম্বরের মধ্যে আনুমানিক চার কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহ করে ডেটাবেজে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সোমবার তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
নারীর ক্ষমতায়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে নারীপ্রধান পরিবারের নামে এই ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত মার্চ মাসে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেছিলেন। পাইলটিংয়ের সাফল্যের পর চলতি বছরের জুলাই থেকে এর মূল বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়। চলতি অর্থবছরে এই কর্মসূচি বাস্তবায়নে ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৩০০ কোটি টাকা সরাসরি ভাতা হিসেবে প্রদান করা হবে। প্রক্সি মিন্স টেস্ট বা পিএমটি স্কোরের ভিত্তিতে দেশের পরিবারগুলোকে আর্থসামাজিক অবস্থার আলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।
তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য দেশজুড়ে হাজার হাজার তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। তারা বিশেষায়িত ট্যাবলেটের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে সরাসরি অনলাইন ডেটাবেজে তথ্য যুক্ত করছেন। চলতি অর্থবছরে নতুন করে ৪০ লাখ নারী পরিবার প্রধানকে ফ্যামিলি কার্ড ও ভাতার আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে পরবর্তী তিন অর্থবছরে যোগ্য সব নারী পরিবার প্রধানকে এই সহায়তার আওতায় আনা হবে।
উপকারভোগীদের ফ্যামিলি কার্ডে ডুয়াল চিপ, কিউআরকোড এবং নিয়ার ফিল্ড কমিউনিকেশন বা এনএফসি সুবিধা সংযুক্ত থাকবে। কার্ডটি সরাসরি সরকারি পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকায় উপকারভোগীরা সহজে এটিএম বুথ, পিওএস কিংবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ভাতার টাকা তুলতে পারবেন। সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।