বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
ছবি-সংগৃহীতনিজস্ব প্রতিবেদক:
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি
হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়া বয়ে
যেতে পারে। এ কারণে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে
বলেছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২৯ আগস্ট) জারি করা সামুদ্রিক সতর্কবার্তায় আবহাওয়া
অধিদপ্তর জানায়, লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর, পশ্চিমবঙ্গ এবং উত্তর
ওডিশার উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এটি পরবর্তী সময়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে
অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা
সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এ পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও
ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার
সঙ্গে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।
বৃষ্টি হতে পারে বিভিন্ন অঞ্চলে
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রোববার (৩০ আগস্ট)
সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টি
অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সময়ে রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু
এলাকাতেও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা
রয়েছে।
দেশের কিছু অঞ্চলে মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। তবে এ
সময় সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে
জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
উপকূলীয়
এলাকায় লঘুচাপের প্রভাব থাকায় সমুদ্রগামী নৌযান ও মাছ ধরার ট্রলারগুলোকে আবহাওয়ার
সর্বশেষ সতর্কবার্তার প্রতি নজর রেখে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।