মাঠ প্রশাসনে গতি আনতে ডিসি সম্মেলন শুরু: প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় ৪ দিনে ৩৪ অধিবেশন
ডেক্স নিউজ:
রাজধানীতে শুরু হয়েছে দেশের প্রশাসনিক কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬। রবিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয় থেকে হেঁটে সম্মেলনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। উদ্বোধনী বক্তব্যে তিনি মাঠ প্রশাসনকে জনগণের আস্থা অর্জনে আরও সক্রিয়, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ভূমিকা পালনের আহ্বান জানান। বিশেষ করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনসেবার মানোন্নয়নে জেলা প্রশাসকদের আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
চার দিনব্যাপী এ সম্মেলন আগামী ৬ মে পর্যন্ত চলবে। এতে দেশের ৮টি বিভাগের বিভাগীয় কমিশনার এবং ৬৪ জেলার জেলা প্রশাসকরা অংশ নিচ্ছেন। সম্মেলনে মোট ৩৪টি কার্য-অধিবেশন অনুষ্ঠিত হবে, যেখানে সরকারের নীতি বাস্তবায়ন, উন্নয়ন পরিকল্পনা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গনি জানান, এবারের সম্মেলনকে সামনে রেখে মাঠ প্রশাসন থেকে ১ হাজার ৭২৯টি প্রস্তাব জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ৪৯৮টি প্রস্তাব কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে স্বাস্থ্যসেবা খাত সম্পর্কিত সর্বোচ্চ ৪৪টি প্রস্তাব স্থান পেয়েছে, যা সরকারের স্বাস্থ্যখাতে গুরুত্বারোপের ইঙ্গিত দেয়।
সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে জেলা প্রশাসকরা রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার এবং প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এসব বৈঠকে মাঠ পর্যায়ের প্রশাসনিক চ্যালেঞ্জ, বিচারপ্রাপ্তি সহজীকরণ এবং সুশাসন নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা নেওয়া হবে।
এছাড়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশনের অন্যান্য সদস্য এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে পৃথক অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে নির্বাচন ব্যবস্থাপনা, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং দুর্নীতি প্রতিরোধে মাঠ প্রশাসনের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
বিশ্লেষকরা মনে করছেন, এবারের ডিসি সম্মেলন শুধু প্রশাসনিক সমন্বয় নয়, বরং সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাঠ প্রশাসনের বাস্তব অভিজ্ঞতা ও প্রস্তাবের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্তগুলো ভবিষ্যৎ নীতি নির্ধারণে কার্যকর অবদান রাখবে বলেও আশা করা হচ্ছে।