শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে এডিবি’র প্রতিনিধির বৈঠক
ঢাকা, ২৫ ফাল্গুন (১০ মার্চ):
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সাথে এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)-এর হিউম্যান অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক জি সুন সং (Gi Soon Song) বৈঠক করেছেন।
আজ ঢাকায় শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়ন, বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (TVET), শিক্ষক প্রশিক্ষণ, এবং প্রাথমিক শিক্ষার বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে এডিবির চলমান ও সম্ভাব্য বিভিন্ন সহায়তা কর্মসূচি নিয়েও মতবিনিময় হয়। এছাড়া ভবিষ্যৎ শিক্ষা উন্নয়ন পরিকল্পনা, সরকারের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচির সঙ্গে এডিবির সহযোগিতা আরো জোরদার করা এবং প্রাথমিক শিক্ষার উন্নয়নে নতুন কর্মসূচি নিয়েও আলোচনা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সহযোগিতা গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষা খাতের উন্নয়নে এডিবির চলমান সহযোগিতার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এডিবির পরিচালক জি সুন সং বাংলাদেশের শিক্ষা খাতে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং সরকারের অগ্রাধিকার অনুযায়ী শিক্ষা খাতে এডিবির সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।
বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং এডিবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।