সংবাদ শিরোনাম

বাংলাদেশের শিক্ষা খাত শক্তিশালী করতে শিক্ষামন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধিদলের বৈঠক

 প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১০:৫০ অপরাহ্ন   |   জাতীয়

বাংলাদেশের শিক্ষা খাত শক্তিশালী করতে শিক্ষামন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধিদলের বৈঠক

ঢাকা, ২৫ ফাল্গুন (১০ মার্চ):

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে আজ ঢাকায় শিক্ষা মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের পরিচালক জ্যঁ পেম (Jean Pesme) সাক্ষাৎ করেছেন।

বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতে সংস্কার কার্যক্রম ত্বরান্বিত করা এবং সার্বিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে মন্ত্রী প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা খাতকে আরো শক্তিশালী করার জন্য সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন দ্রুততর করা সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম। তিনি আরো উল্লেখ করেন, চলমান প্রকল্পগুলোর কার্যকারিতা মূল্যায়নের মাধ্যমে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করা এবং আগামীদিনে আরো কার্যকর ফলাফল নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

বৈঠকে উল্লেখ করা হয়, শিক্ষার্থী বৃদ্ধিতে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও সাক্ষরতা, শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের মানোন্নয়নের ক্ষেত্রে এখনো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়ে গেছে। এ সময় দক্ষতা উন্নয়ন, ডিজিটাল শিক্ষাব্যবস্থা, শিক্ষক প্রশিক্ষণ এবং কর্মসংস্থানভিত্তিক শিক্ষা জোরদারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। উভয়পক্ষ বাংলাদেশের শিক্ষা খাতে বিশ্বব্যাংকের সহায়তায় চলমান বিভিন্ন উদ্যোগ পর্যালোচনা করেন।

বৈঠকে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র হিসেবে মাল্টিমিডিয়া ও স্মার্ট শ্রেণিকক্ষ এবং বিশ্ববিদ্যালয়সমূহে গবেষণা সহায়তা জোরদার নিয়ে আলোচনা হয়।

শিক্ষামন্ত্রী বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের অব্যাহত অংশীদারিত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষা ব্যবস্থার সংস্কার ও আধুনিকায়নে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।